বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১২ জুন (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প; চুক্তি নিয়ে ট্রাম্পের তাড়া থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান; বিশ্বকাপের প্রথম দিনেই সম্প্রচার বিভ্রাটে ক্ষুব্ধ ভারতীয় দর্শকরা; ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্ত আগে থেকে জানতেন না নেতানিয়াহু; কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প; ইরানের সঙ্গে কাতারের গোপন আঁতাত!-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হয়েছে এবং তেহরান আর কখনও পরমাণু অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) রাতে সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে ট্রাম্প এ দাবি করেন।
চুক্তি নিয়ে ট্রাম্পের তাড়া থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান
চলমান আলোচনায় থাকা নথির বড় অংশ চূড়ান্ত করা হয়েছে, তবে নিজেদের মৌলিক অবস্থান থেকে ইরান কোনও আপস করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিশ্বকাপের প্রথম দিনেই সম্প্রচার বিভ্রাটে ক্ষুব্ধ ভারতীয় দর্শকরা
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নির্বিঘ্নে উপভোগের অপেক্ষায় থাকা ভারতীয় ফুটবল সমর্থকদের হতাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫। ব্যাপক প্রযুক্তিগত ত্রুটি ও বিতর্কিত মূল্য কাঠামোর কারণে টুর্নামেন্টের সম্প্রচার শুরুর দিন থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে।
ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্ত আগে থেকে জানতেন না নেতানিয়াহু
ইরানে আরও হামলা চালানোর পরিকল্পনা বাতিল এবং শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন, সে বিষয়ে আগে থেকে অবহিত ছিলেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকটি (এমওইউ) শিগগিরই সই হতে যাচ্ছে বলে দাবি করছেন, তার আওতায় কোনও ধরনের শুল্ক ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। একই সঙ্গে চুক্তির শর্তাবলি মেনে চলার ওপর ভিত্তি করে ইরানকে নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়া হবে। মধ্যস্থতাকারী একটি দেশের একজন কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ইরানের সঙ্গে কাতারের গোপন আঁতাত!
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রারম্ভে নিজেদের অর্থনৈতিক মুকুট রাস লাফান গ্যাস কমপ্লেক্সকে ইরানি হামলা থেকে রক্ষা করতে তেহরানের সঙ্গে কাতার একটি অত্যন্ত গোপন চুক্তির চেষ্টা করেছিল। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কর্মকর্তা ও পশ্চিমা গোয়েন্দা সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে গত মার্চ মাসের মাঝামাঝিতে কাতারের ওই বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর এই গোপন প্রচেষ্টার বিষয়টি ভেস্তে যায়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।