বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৫ জুন (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে আতঙ্ক: ‘চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই’; ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ; তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল; ভূমিকম্পের পর সপ্তাহজুড়ে কাঁপতে পারে ভেনেজুয়েলা; ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট; খামেনির শেষ বিদায়ে মোদিকে ইরানের আমন্ত্রণে ভারত কেন বিপাকে- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। প্রথম ঝাঁকুনির ঠিক এক মিনিট পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন দেশটির রাজধানী কারাকাসের বাসিন্দারা।
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্প দেশটির জন্য কেবল মানবিক বিপর্যয়ই নয়, বরং এক সংবেদনশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মুখে বড় ধরণের পরীক্ষা নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক এলিয়াস ফেরার এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইউরোপজুড়ে সম্প্রতি ঘন ঘন তীব্র তাপপ্রবাহ আঘাত হানছে, যার ফলে রেকর্ড ভাঙা গরমে নাকাল হচ্ছেন লাখ লাখ মানুষ। কিন্তু এই তীব্র গরমেও ইউরোপের বাড়িগুলোতে এসি বা এয়ার কন্ডিশনার দেখা যায় খুবই কম। যেখানে যুক্তরাষ্ট্রের প্রায় ৯০ শতাংশ বাড়িতে এসি রয়েছে, সেখানে ইউরোপে এই হার মাত্র ২০ শতাংশের কাছাকাছি। বেশির ভাগ ইউরোপীয় বৈদ্যুতিক ফ্যান, আইস প্যাক কিংবা ঠান্ডা পানিতে গোসল করেই এই অসহ্য গরম পার করছেন।
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ ধরে দেশটিতে অনবরত আফটারশক বা অনুকম্পন অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ ভাশান রাইট এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এমনভাবে পাল্টা আঘাত হেনেছে যা আক্রমণকারী দেশ দুটির কেউই কল্পনাও করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার এক বক্তৃতায় পেজেশকিয়ান বলেন, ইরান এখন সারা বিশ্বে একটি শক্তিশালী এবং মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণে নয়াদিল্লি কীভাবে সাড়া দেয় এবং সেখানে কাকে পাঠায়, তার ওপরই এখন নির্ভর করছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কের ভারসাম্য রক্ষার ভবিষ্যৎ কৌশল। এই মুহূর্তে নয়াদিল্লির জন্য এটি একটি অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ কূটনৈতিক পরীক্ষা।