দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৬ জুন (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী; ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ, হাসপাতালগুলোতে সতর্কতা; চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হচ্ছে, কিন্তু রোগীদের কাছে পৌঁছাচ্ছে না কেন; তৃণমূল ছাড়া বিধায়করা বিদ্রোহী নয়, গাদ্দার: মহুয়া মৈত্র; ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯; ইরান-মার্কিন চুক্তির ১ সপ্তাহ: সুফল পাচ্ছে কারা- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে চীনের জাহাজগুলো মূল ভূখণ্ড থেকে দূরবর্তী অঞ্চলে ‘আইন প্রয়োগকারী’ কার্যক্রম পরিচালনা, একটি অত্যন্ত সংবেদনশীল সমুদ্রতলদেশ ম্যাপিং এবং ৫০০ মাইলেরও বেশি দূরের বিতর্কিত উপদ্বীপে ‘গবেষণা’ চালিয়েছে। আন্তর্জাতিক আইনে সার্বভৌমত্বের দাবি যেখানে অস্পষ্ট, সেখানে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ছোট ছোট পদক্ষেপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এই চীনা নীতিকে বিশেষজ্ঞরা ‘সালামি স্লাইসিং’ হিসেবে অভিহিত করছেন।

 

ইউরোপজুড়ে জেঁকে বসা প্রাণঘাতী নজিরবিহীন দাবদাহের কারণে হাসপাতালগুলো রোগী ধারণক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে উন্মুক্ত স্থানে মদ্যপান নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তীব্র গরমে পুড়তে থাকা ইউরোপের স্বাস্থ্য কর্তৃপক্ষগুলোর সতর্কবার্তার প্রতিধ্বনি করে এই ঘোষণা দেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

চলতি সপ্তাহে অনুষ্ঠিত অ্যাসপেন আইডিয়াস: হেলথ কনফারেন্সে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মুখে একটি বড় উদ্বেগের কথা বারবার উঠে এসেছে। চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে আধুনিক ও যুগান্তকারী আবিষ্কারগুলো যেভাবে দ্রুতগতিতে এগিয়ে চলছে, প্রচলিত স্বাস্থ্যসেবা খাত সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত ও অনুগত অনেক নেতাই গত দেড় মাসের মধ্যে তাকে ছেড়ে ‘বিদ্রোহী’ শিবিরে কিংবা নতুন কোনও দলে যোগ দিয়েছেন। তবে এই কঠিন পরিস্থিতিতেও কৃষ্ণনগর আসন থেকে পরপর দু’বার তৃণমূলের টিকিটে জেতা দলটির অন্যতম হাই প্রোফাইল ও আলোচিত সংসদ সদস্য (এমপি) মহুয়া মৈত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন রাজনীতিতে আছেন, ততদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই ছাড়বেন না। তৃণমূল কংগ্রেস বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেটির বিভিন্ন দিক নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার শুভজ্যেতি ঘোষের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। দেশটিতে নিহতের সংখ্যা শুক্রবার দ্বিগুণেরও বেশি বেড়ে এখন ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ বন্ধ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। গত সপ্তাহে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বড় প্রাপ্তি হলো, দুই দেশ এখন আর প্রকাশ্য যুদ্ধে লিপ্ত নয়। অর্ধশতকের বৈরিতা আর মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির ব্যর্থতার ইতিহাসের পটভূমিতে এই যুদ্ধবিরতি অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। তবে আপাতদৃষ্টিতে এটি যুদ্ধ থেকে বের হওয়ার পথ দেখালেও, কোনও টেকসই শান্তির নিশ্চয়তা দিচ্ছে না। বিশ্লেষকদের মতে, কঠিন রাজনৈতিক সিদ্ধান্তগুলো এড়াতে সময় কেনার জন্য এটি ট্রাম্পের একটি কৌশল মাত্র।