বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৪ জুলাই (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির; বেবি বুমারদের ট্রিলিয়ন ডলারের সম্পদ, শেষ পর্যন্ত যাচ্ছে কার হাতে; অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক, যন্তর মন্তরে আন্দোলন থামবে?; ইরানে টানা ১৩তম রাতের মার্কিন হামলা, বড় আক্রমণের হুমকি ট্রাম্পের; শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম সিজেপির; প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি; মোদির আশ্বাসের পর কোন পথে দিল্লির ছাত্র আন্দোলন- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ভারতে সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁস কোনও সাধারণ অপরাধ নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তাই দোষীদের বিরুদ্ধে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে।
ইতিহাসের সবচেয়ে বড় পারিবারিক সম্পদ হস্তান্তরের মুখোমুখি দাঁড়িয়ে ছিল যুক্তরাষ্ট্র। বিগত কয়েক দশকের আবাসন খাতের চাঙ্গা ভাব ও শেয়ারবাজারের প্রবৃদ্ধির বদৌলতে দেশটির গৃহস্থালি সম্পদের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছিল সবচেয়ে ধনী প্রজন্ম বেবি বুমাররা।
ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট)–এর প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন। তবে এ ঘটনায় দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আপাতত থামছে না। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। খবর দ্য হিন্দু।
ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরমধ্যে ইরানে আরও বড় ধরনের আক্রমণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের জেরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য নরেন্দ্র মোদির সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে আন্দোলনকারী দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের সিজেপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
ডিজিটাল যুগের টিকটক এবং ইনস্টাগ্রাম রিলস কীভাবে একটি সাধারণ আনুষ্ঠানিক মুহূর্তকে রাতারাতি বিশ্বজুড়ে রোমান্টিক রূপকথায় রূপান্তর করতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ স্প্যানিশ ফুটবল তারকা পাবলো গাভি এবং স্পেনের ভবিষ্যৎ রানি রাজকন্যা লিওনরের কথিত প্রেম। বিগত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে তৈরি হওয়া হাজারো ফ্যান-মেড ভিডিও ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। তবে এই জমকালো প্রচারণার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা গাভির দুর্দান্ত ফুটবল ক্যারিয়ারের গল্পটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্র ও যুব আন্দোলনের মুখোমুখি হয়েছে। পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নফাঁসের কেলেঙ্কারিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ব্যাপক অসন্তোষ নিরসনে অবশেষে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে তিনি প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে দ্রুত বিচার আদালত গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।