জন্মগত ত্রুটির নেপথ্যে জিকার প্রভাব নিশ্চিত করলেন বিশেষজ্ঞরা

গত অক্টোবর থেকে ব্রাজিলে ১১১৩ জন মাইক্রোসেফালি আক্রান্ত শনাক্ত হয়েছেএবার মার্কিন বিশেষজ্ঞরা নিশ্চিত করলেন, জিকা ভাইরাসের কারণে অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে শিশু জন্মানো রোগ মাইক্রোসেফালিসহ বড় ধরনের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। এর আগে যৌনমিলনের মাধ্যমে জিকা ছড়াতে পারে বলেও নিশ্চিত করেছিলেন তারা।
গত বছর ব্রাজিলে অস্বাভাবিক আকৃতির মাথা নিয়ে শত শত শিশুর জন্ম হয়। মশাবাহিত ভাইরাস জিকাকে এ ধরণের শিশু জন্মানোর কারণ বলে সে সময়ই সন্দেহ করা হচ্ছিল। এ নিয়ে বিশেষজ্ঞরা নানা গবেষণা শুরু করেন। তবে এবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এর পক্ষ থেকে বলা হয়েছে, জিকা ভাইরাস থেকে যে মাইক্রোসেফালি হতে পারে সে ব্যাপারে তারা নিশ্চিত।
আরও পড়ুন: সম্ভাব্য যৌনমিলনে জিকা সংক্রমণের ১৪টি ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র
সিডিসির প্রধান টম ফ্রাইডেন জানান, জিকা ভাইরাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং ভ্যাক্সিন আবিষ্কার করতে ব্যাপক আকারে গবেষণা চলছে। তবে এ ধরনের গবেষণা শেষ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রথম জিকা সংক্রমণ 'যৌন মিলনের' কারণে
এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে থাকে

উল্লেখ্য, এডিস প্রজাতির মশা থেকে জিকা ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে থাকে। জ্বর, জয়েন্ট পেইনসহ ছোটখাটো কিছু শারীরিক অসুস্থতা দেখা দেয় এ ভাইরাসের কারণে। আবার তা এক সপ্তাহের কম সময়ের মধ্যে সেরেও যায়। তবে বিপত্তি তৈরি হয় গর্ভবতী নারীদের ক্ষেত্রে। গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে মাইক্রোসেফালি তথা বিকৃত ও ছোট মাথা নিয়ে জন্ম নিতে পারে শিশু। এসব শিশুর বুদ্ধিমত্তার ঘাটতি থাকে, শারীরিক বৃদ্ধি কম হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: জিকা ভাইরাস নিয়ে এবার যুক্তরাষ্ট্রে সতর্কতা

জিকা ভাইরাস সর্বপ্রথম ১৯৪৭ সালে উগান্ডায় রেসাস ম্যাকাক নামের বানরের দেহে পাওয়া যায়। পরবর্তীতে ১৯৫২ সালে উগান্ডা ও তানজানিয়াতে মানবদেহে প্রথমবারের মতো ভাইরাসটি শনাক্ত করা হয়। সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলে ব্যাপক আকারে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে। ব্রাজিলে গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১১১৩ জন মাইক্রোসেফালি আক্রান্ত রোগী শনাক্ত হয়। ব্রাজিলের পর ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশসহ যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে জিকা। তবে সিডিসি বলছে, যুক্তরাষ্ট্রে যারা জিকা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তারা জিকাপ্রবণ দেশ ভ্রমণ করে এসেছিলেন। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/