নেপালে নিখোঁজ পর্যটকদের কয়েকজনের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই

নেপালের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারীর জাতীয়তা প্রকাশ করেছে নেপাল পর্যটন বোর্ড। প্রকাশিত তালিকায় ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। তবে তালিকায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের নাম নেই।

বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ ভোটেকোশী নদীতে তীব্র প্রবাহ শুরু হলে ওই এলাকায় ব্যাপক দুর্যোগের সৃষ্টি হয়। এরপর সেখানে অবস্থানরত ও বিভিন্ন রুটে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেয় নেপাল পর্যটন বোর্ড (এনটিবি), ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় ট্রাভেল সংস্থাগুলো।

নেপাল পর্যটন বোর্ডের দ্বিতীয় আপডেট বুলেটিন অনুযায়ী, স্থানীয় বিভিন্ন ট্যুর ও ট্রাভেল এজেন্সির কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে মোট ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী নিখোঁজ বা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক।

এজেন্সিভিত্তিক তালিকায় ‘সম্রাট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর ৭১ জন যাত্রী যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন ভারতীয় ও ১২ জন নেপালি নাগরিক।

‘ট্র্যাকার্স সোসাইটি’র ৯২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৭৭ জন বিদেশি নাগরিক, যাদের জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি। বাকি ১৫ জন নেপালি নাগরিক।

‘লিফ হলিডে’র ৫৫ জন যাত্রীর মধ্যে ৪৬ জন ভারতীয় ও ৯ জন নেপালি নাগরিকের খোঁজ মিলছে না।

হিমালয়ান গ্লেসিয়ারের মাধ্যমে যাত্রা করা ৫২ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) এবং ১৫ জন নেপালি নাগরিক।

কৈলাশ জার্নির ৩১ জন পর্যটক নিখোঁজের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন বিদেশি নাগরিক, যাদের জাতীয়তা প্রক্রিয়াধীন, এবং পাঁচ জন নেপালি নাগরিক।

ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ২৭ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ২০ জন বিদেশি—তিন জন মার্কিন ও ১৭ জন মালয়েশিয়ান নাগরিক এবং সাত জন নেপালি নাগরিক।

আলপাইন ইকো ট্রেকিংয়ের ২০ জন ভ্রমণকারী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৬ জন বিদেশি; ১২ জন ব্রিটিশ ও চার জন দক্ষিণ আফ্রিকান নাগরিক এবং চার জন নেপালি নাগরিক।

কাঠমান্ডু হলিডে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ১৭ জন নিখোঁজ যাত্রীর মধ্যে দুই জন বিদেশি; একজন অস্ট্রেলিয়ান ও একজন ডাচ নাগরিক এবং ১৫ জন নেপালি নাগরিক।

রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ১২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে আট জন বিদেশি নাগরিক, যাদের জাতীয়তা প্রক্রিয়াধীন, এবং চার জন নেপালি নাগরিক।

এক্সপ্লোর ভ্যাকেশনের অধীনে থাকা সাত জন পর্যটকের সবাই নেপালি নাগরিক।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, ট্যুর গাইড, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের তালিকাটি সার্বক্ষণিক যাচাই-বাছাই করা হচ্ছে।

দুর্গত এলাকায় থাকা পর্যটকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে, অফিসিয়াল নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে এবং স্থানীয় ট্রাভেল এজেন্ট বা প্রশাসনের সঙ্গে যোগাযোগে থাকতে বলা হয়েছে।