বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩০ আগস্ট (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
মস্কো সফরে ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ পরিচালক; কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়: আরএসএস প্রধান; যুক্তরাষ্ট্রকে ইরানি স্পিকারের খোঁচা, বললেন ‘মিথ্যাবাদী’; অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে; ‘ইরানি হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে নেতানিয়াহুর ছেলে; ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
মস্কো সফরে ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ পরিচালক
চলতি সপ্তাহে গোপনে মস্কো সফরকালে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ পরিচালক জন র্যা্টক্লিফ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতায় র্যা টক্লিফের এটিই প্রথম সরাসরি পদক্ষেপ। সূত্রগুলো জানায়, ওয়াশিংটন-মধ্যস্থতাকারী আলোচনা শুরুর জন্য পুতিনকে রাজি করাতে রুশ গোয়েন্দা প্রধানরা সাহায্য করতে পারেন কি না, তা যাচাই করাই ছিল তার এই গোপনীয় সফরের অন্যতম লক্ষ্য।
কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়: আরএসএস প্রধান
কোনও হিন্দু যদি মনে করে যে ভারতে কোনও মুসলিম থাকা উচিত নয়, তবে সে আর আর হিন্দু থাকে না বলে মন্তব্য করেছেন ভারতে ক্ষমতাসীন বিজেপির মতাদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত। শনিবার (২৯ আগস্ট) নিউ ইয়র্কে আয়োজিত এক বহুধর্মীয় সংলাপে বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতি বজায় রাখার কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। হিন্দু-মুসলিম ঐক্য এবং আরএসএস-এর ‘হিন্দু রাষ্ট্র’ গঠনের ইচ্ছা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মোহন ভগবত বলেন, ‘আপনি যদি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে চান, তবে আপনাকে বিশ্বাস করতে হবে যে সব পথই একই গন্তব্যে নিয়ে যায়। প্রতিটি মানুষেরই নিজস্ব মর্যাদা রয়েছে এবং মানুষের মধ্যে কোনও পার্থক্য নেই।’
যুক্তরাষ্ট্রকে ইরানি স্পিকারের খোঁচা, বললেন ‘মিথ্যাবাদী’
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ ও বিভিন্ন পদক্ষেপে ইরানের অর্থনীতি ‘চূর্ণ-বিচূর্ণ’ হয়ে যাবে, মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের এমন দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে তীব্র কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গত ১৪ দিনে আন্তর্জাতিক বাজারে ১৩ কোটি (১৩০ মিলিয়ন) ব্যারেল তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে, মার্কিন ট্রেজারি সচিব বেসেন্টের এই দাবির জবাবে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গালিবাফ লিখেছেন, ‘মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তোমার প্যান্টে আগুন লেগেছে’।
অজ্ঞাত মরদেহগুলো দাফন করবে নেপাল, পরে শনাক্ত হবে যেভাবে
নেপালে বিধ্বংসী পাহাড়ি ঢল ও প্রলয়ঙ্করী বন্যার পর উদ্ধার হওয়া অজ্ঞাত ও দাবিদারহীন মরদেহগুলো পচন ধরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিতে দাফন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকালের এই বিপর্যয়ে এখন পর্যন্ত অন্তত ৬৭৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের সীমান্ত ঘেঁষা দক্ষিণাঞ্চলীয় চিতওয়ান জেলা থেকে সর্বোচ্চ ২৩৩টি মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও সুযোগ-সুবিধার অভাবে পচন প্রতিরোধ করতে হিমশিম খাচ্ছে চিতওয়ান জেলা প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অস্থায়ী ব্যবস্থায় রাখা মরদেহগুলোর পচন ও দুর্গন্ধ থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি নিয়ে সতর্ক করার পর শনিবার কর্তৃপক্ষ দাফনের এই সিদ্ধান্ত নেয়।
‘ইরানি হুমকির’ কারণে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে নেতানিয়াহুর ছেলে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর জীবনের ওপর ‘গুরুত্বপূর্ণ হুমকি’ থাকায় তাকে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে জরুরি ভিত্তিতে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত। সম্প্রতি সরকারপন্থি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। তারা আমার ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল।
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ‘শত্রু’ বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রবিবার (৩০ আগস্ট)এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা ইরানসহ অন্যান্য ইসলামিক দেশের মুসলিম জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অজুহাত হিসেবে বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে।