বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন; ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের; হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’; নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে; যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে; খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ; ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান; হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা নেই: পাকিস্তান; ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন দ্বিপক্ষীয় বৈঠক; লোহিত সাগরের কৌশলগত দ্বীপ দখল করলো ইয়েমেনের হুথিরা; ৭৮৯ কোটি ৭০ লাখ টাকার জালিয়াতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর কারাদণ্ড-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
২৫ বছর পরও ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলাকে অনেক মার্কিন নাগরিকদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণ করা হয়। ইপসোসের নতুন এক জরিপে দেখা গেছে, মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক মানুষ তাদের জীবদ্দশায় ঘটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার তালিকায় নাইন-ইলেভেনের হামলাকে বেছে নিয়েছেন। কোভিড-১৯ মহামারী এবং বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের মতো পরবর্তী সময়ের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা থাকা সত্ত্বেও এই পরিস্থিতি বজায় রয়েছে।
ইরান সংঘাত যেভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে কোনও অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনরায় সুযোগ পেলে তিনি ঠিক যেভাবে কাজগুলো করেছেন, ঠিক সেভাবেই সবকিছু করবেন বলে জানিয়েছেন।
হুথিদের ওপর হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার ফোন করে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার তিনি ট্রাম্পকে ফোন করেন বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
সাধারণত বিনোদন বা উপভোগের সাথে যে দেশটির নাম সহজে মেলানো যায় না, সেই উত্তর কোরিয়ায় এখন বইছে বিনোদনের নতুন হাওয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নাগরিকদের সম্পদ খরচ করার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দিচ্ছেন। চীন থেকে আসা কাস্টমস ডেটা অনুযায়ী, গত এক দশকে উত্তর কোরিয়ায় ম্যাসাজ সরঞ্জামের আমদানি ৪০ গুণ এবং ট্রেডমিলের শিপমেন্ট ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। এছাড়া প্রচুর পরিমাণে পিয়ানো ও বাম্পার কার বা বিনোদনমূলক গাড়িও দেশটিতে প্রবেশ করছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
দক্ষিণ গাজা উপত্যকায় বৃহস্পতিবার রাতে পরিচালিত এক বিমান হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের প্রধান কমান্ডারকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইরায়েলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতে পৌঁছেছেন। দিল্লিতে অনুষ্ঠীত ১১ সদস্যের ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে গেছেন। সম্মেলনের আলোচ্যসূচিতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত গুরুত্ব পাবে বলে জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যমগুলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে কোনও সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে বর্তমানে আলোচনা হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তান। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।
১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারত ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উপকূলীয় অঞ্চলে একের পর এক সফলতা পাওয়ার পর শুক্রবার লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ দখল করে নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যকার অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো গোষ্ঠীটি। ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে মেডিকেডের ৬৪ মিলিয়ন ডলারের বা ৭৮৯ কোটি ৭০ লাখ টাকা জালিয়াতি ও অবৈধ ঘুষের স্কিমে নেতৃত্ব দেওয়ার দায়ে জাকিয়া খান নামে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে ৬ বছর ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের আদালত সূত্র এ তথ্য জানিয়েছে।