দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩ অক্টোবর (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন; মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প; সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০; ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত; সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান; ইসরায়েলিদের প্রাণ বাঁচানো সেই ‘হিরো’ ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন

যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে জরুরি কৌশলগত মজুত থেকে ১০০ মিলিয়ন (১০ কোটি) ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। একই সঙ্গে জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানি পণ্যের রফতানিতে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের ওপর জরুরি ডিজেল মজুত কমানোর জন্য চাপ সৃষ্টি করে আসছিল।

মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে। আলাবামার মোবাইলে শুক্রবার নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০

ভারতের দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর-এ অনিয়ম এবং ব্যাপকভাবে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। শুক্রবারের এ বিক্ষোভ থেকে আম আদমি পার্টি বা আপের নেতাসহ ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে রাজনৈতিক দল, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই), ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া (ডিওয়াইএফআই) এবং অন্যান্য ছাত্র ও যুব সংগঠন বিক্ষোভের ডাক দেয়।

ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তান টেলিভিশন দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পূর্ব পাকিস্তানের কাসুর জেলার তিন নিরস্ত্র বেসামরিক নাগরিক সীমান্তের একটি পিলার অতিক্রম করে কয়েক কদম এগিয়ে গিয়েছিলেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন নিহত এবং একজন আহত হন।

সৌদিতে শিগগিরই বৈঠকে বসবে মক্কা চুক্তির প্রতিরক্ষা কমিটি: পাকিস্তান

পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’র আওতায় গঠিত স্ট্র্যাটেজিক পলিটিক্যাল ডিফেন্স কমিটির (এসপিডিসি) বৈঠক শিগগিরই সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, এসপিডিসির পূর্ণাঙ্গ বৈঠক রিয়াদে আয়োজনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি হয়েছে। পরে শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে তিনি জানান, আগামী সপ্তাহেই বৈঠকটি হতে পারে।

ইসরায়েলিদের প্রাণ বাঁচানো সেই ‘হিরো’ ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ

মাঝ আকাশে সহ-পাইলটের হামলায় গুরুতর আহত ভারতীয় পাইলট ও ‘হিরো’ স্মিত মাচ্ছারকে হাসপাতালে দেখতে গেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স বা যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ওই পাইলট ১৭২ যাত্রী ও ক্রুর জীবন বাঁচাতে গুরুতর আহত অবস্থায় ককপিটের দরজা খুলে দেওয়ায় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন। হাসপাতালে মাচ্ছারের সঙ্গে সাক্ষাতের পর তার প্রতি ‘পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা’ জানিয়েছেন দুবাইয়ের যুবরাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমাদের পক্ষ থেকে এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে তার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে। আমরা গর্বিত যে তিনি আমাদের দলের অংশ, আমাদের দেশের গল্পের অংশ, এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে; সহমর্মিতা, শান্তি ও জীবনের- তারও অংশ।