বিরোধপূর্ণ জলসীমায় নির্মিত কৃত্রিম দ্বীপে চীনা সামরিক বিমান

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ সমুদ্রসীমায় নির্মিত বিমানবন্দরে প্রথমবারের মতো অবতরণ করেছে চীনা সেনাবাহিনীর একটি বিমান। সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই কৃত্রিম দ্বীপটির অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি যেভাবে হচ্ছে তাতে একসময় এখানে বিমান ঘাঁটি নির্মাণ করাও সম্ভব হবে।

আরও পড়ুন: ভারত নিজেকে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে দেখতে চায়: চীনা সংবাদমাধ্যম

লিবারেশন আর্মি ডেইলির প্রথম পাতার প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর বিমানটি দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছিলো। এ সময় একটি জরুরি আহ্বানের ভিত্তিতে ফেইরি ক্রস রিফের বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। মূলত তিনজন গুরুতরভাবে অসুস্থ শ্রমিককে উদ্ধার করার জন্যই অবতরণ করে এই বিমানটি। ওই তিন শ্রমিককে হাইনান দ্বীপে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

আরও পড়ুন: ‘দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব বজায় রাখবে চীন’

ফেইরি ক্রস রিফের এই বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ৩ হাজার মিটার। গত এক বছর ধরে বালি তুলে স্পার্টলি দ্বীপমালার মধ্যে এই রিফ নির্মিত হয়েছে। গত জানুয়ারি থেকে এই দ্বীপে নির্মিত বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে যাত্রী বিমান চলাচল করছে।  এই বিমানবন্দরটির রানওয়েটি দূরপাল্লার বোমারু বিমান অবতরণের পক্ষে উপযোগী। পাঁচ ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করে এই দ্বীপটি নির্মাণ করেছে চীন।

আরও পড়ুন: ‘দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র বিরোধপূর্ণ জলসীমায় এই কৃত্রিম দ্বীপ স্থাপনের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে চীনের সামরিক পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। এদিকে চীন জানিয়েছে তাদের কোনও হিংসাত্মক পরিকল্পনা নেই। সূত্র: দ্য গার্ডিয়ান।

/ইউআর/এএ/