দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১২ অক্টোবর (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাকিস্তান কী করবে জানালেন শেহবাজ; তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’; সোহেল আফ্রিদি কোথায়?; যন্তর মন্তর বাদ, বিক্ষোভস্থল হিসেবে তিন স্থানের নাম ঘোষণা দিল্লি পুলিশের; অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড; রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদির আকাশ; ইয়েমেন কি পাকিস্তানের ‘ভিয়েতনামে’ পরিণত হবে?; ৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবে ইসলামাবাদ। এ ক্ষেত্রে সম্ভাব্য সব উপায়ে রিয়াদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী রবিবার তরুণ, বিরোধী দল ও সুশীল সমাজের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করার আহ্বান জানিয়েছেন। ডারো মাত (ভয় পাবেন না) বলে ভয় ঝেড়ে ফেলতেও মানুষকে অনুরোধ করেছেন তিনি।

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণার কয়েক ঘণ্টা পর পিটিআই দাবি করেছে, ইসলামাবাদ অভিমুখে দলের বিক্ষোভ মার্চের নেতৃত্বে থাকা প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে আরও কয়েকজন নেতাসহ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবারের এ ঘটনার পর তিনি এখন কার্যত নিখোঁজ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

দিল্লির লুটিয়েন্স এলাকার যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের জন্য তিনটি নতুন স্থানের নাম ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্বের মাইক্রোইকোনমিক ভিত্তি তৈরির গবেষণার জন্য ২০২৬ সালের অর্থনীতিতে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার (স্ভেরিজেস রিকসব্যাংক প্রাইজ) পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। তারা যথাক্রমে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের রক্তক্ষয়ী হামলার পর দেশটির আকাশসীমা দৃশ্যত ফাঁকা হয়ে পড়েছে। অ্যাভিয়েশন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান সিরিয়াম-এর তথ্যানুসারে, সোমবার রিয়াদ থেকে নির্ধারিত ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯৬৭ সালে মিসরের প্রভাবশালী নেতা গামাল আবদেল নাসের কায়রোতে মার্কিন রাষ্ট্রদূতের কাছে এক বিস্ময়কর স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন, ‘আমি ইয়েমেনে একটি কোম্পানি (প্রায় ২০০ সেনা) পাঠিয়েছিলাম এবং শেষ পর্যন্ত ৭০ হাজার সেনা পাঠাতে হয়েছিল।’ মিসরীয় যুদ্ধবিমান, ট্যাংক এবং এক-তৃতীয়াংশ সামরিক শক্তি পাঠিয়েও সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের গৃহযুদ্ধে জয়ী হতে পারেনি মিসর।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটির প্রধান বিমানবন্দরে এটিই সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলার ঘটনা। পরিস্থিতির ভয়াবহতায় বিদেশি কূটনৈতিক মিশনগুলো তাদের নাগরিকদের ওই বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।