বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার এগিয়ে নিতে দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, মানবতার ভবিষ্যৎ নির্ভর করছে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার সক্ষমতার ওপর।
শনিবার (২৪ অক্টোবর) জাতিসংঘের ৮১ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় এ কথা জানান জাতিসংঘের মহাসচিব।
তিনি বলেন, গত ৮১ বছর ধরে জাতিসংঘ এ ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে। অস্ত্রের পরিবর্তে কূটনীতি ও আইনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, দারিদ্র্য ও ক্ষুধা দূর করা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং যুদ্ধ, দুর্যোগ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ ভূমিকা রেখে চলেছে। গত ৮১ বছর ধরে সংস্থাটি এ ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে।
পরিবহন, বাণিজ্য ও প্রযুক্তি থেকে শুরু করে মানুষ ও পৃথিবীর স্বাস্থ্য সুরক্ষা, নারী ও মেয়েদের সমতা প্রতিষ্ঠা এবং সুযোগ সম্প্রসারণ- বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক পরিসরে সব দেশের সমানভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিত করতেও সংস্থাটির গুরুত্ব উল্লেখ করেন।
মহাসচিব বলেন, বিশ্বব্যবস্থায় জাতিসংঘ এখন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি প্রয়োজনীয়। বর্তমানে বিশ্ব সংঘাতে বিপর্যস্ত, জলবায়ু সংকটে জর্জরিত এবং ক্রমবর্ধমান বৈষম্যে ক্ষতবিক্ষত। পাশাপাশি প্রযুক্তির দ্রুত অগ্রগতি সেগুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণের সক্ষমতাকেও ছাড়িয়ে যাচ্ছে।
এ পরিস্থিতিতে জাতিসংঘ প্রতিষ্ঠার মূল মূল্যবোধগুলো পুনর্ব্যক্ত করার আহ্বান জানান তিনি। বিভেদের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং ভয়ের পরিবর্তে সংহতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন মহাসচিব।
জাতিসংঘ দিবসে সব দেশের প্রতি এসব অভিন্ন মূল্যবোধ এবং সেগুলোর ভিত্তি হিসেবে থাকা বাধ্যবাধকতার প্রতি অঙ্গীকার নতুন করে জোরদার করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এখন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি প্রয়োজন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার। একই সঙ্গে মানুষের সেবা এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও শক্তিশালী করার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।