ইসরায়েলপন্থি সিনেটরের আসনে ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাউথ ক্যারোলিনায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। প্রায় ২৮ বছর পর অঙ্গরাজ্যটিতে রাজ্যব্যাপী সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কোনও প্রার্থী। রিপাবলিকানদের দীর্ঘদিনের দখলে থাকা আসনটিতে জয় পেয়েছেন শিশু বিশেষজ্ঞ ড. অ্যানি অ্যান্ড্রুজ।

সংবাদমাধ্যম বিবিসি ও সিবিএস নিউজের প্রতিবেদনের বরাতে জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করেন অ্যান্ড্রুজ। এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৮ সালের পর সাউথ ক্যারোলিনায় সিনেট নির্বাচনে প্রথমবারের মতো জয় পেল ডেমোক্র্যাটরা।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে দীর্ঘদিনের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর তার বোন ডারলিন গ্রাহামকে আসনটির জন্য মনোনয়ন দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সমর্থন দিয়েছিলেন। তবে রাজনীতিতে নতুন ডারলিন নির্বাচনী প্রচারণা ও বিতর্কে বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে প্রশ্নের মুখে পড়েন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাউথ ক্যারোলিনায় ডোনাল্ড ট্রাম্প ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। এমন একটি অঙ্গরাজ্যে রিপাবলিকানদের আসন হারানোকে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় অ্যানি অ্যান্ড্রুজ স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলেন।

এদিকে, জর্জিয়ার গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার নজির গড়েছেন তিনি।

জর্জিয়ার বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের উত্তরসূরি নির্বাচনের লড়াইয়ে বটমস পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে। নির্বাচনী প্রচারণায় জ্যাকসন নিজের অর্থ থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বটমসের জয়ের পেছনে অঙ্গরাজ্যটির কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আগাম ভোটের সময়ও এই জনগোষ্ঠীর ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

তবে প্রচারণায় বটমসকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আটলান্টার মেয়র হিসেবে তার দায়িত্ব পালনের সময়কে কেন্দ্র করে বিরোধীরা শহরটিতে অপরাধ ও অব্যবস্থাপনা বেড়েছিল বলে প্রচার চালায়। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, আটলান্টাকে খারাপ ও বিশৃঙ্খল শহর হিসেবে তুলে ধরার চেষ্টা দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।

জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগে ২০১৮ ও ২০২২ সালেও স্টেসি অ্যাব্রামসকে গভর্নর পদে মনোনয়ন দিয়েছিল। তবে দুই নির্বাচনেই তিনি ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হন। আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হওয়ায় আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কেইশা ল্যান্স বটমস।