বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)। এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি প্রশ্ন তুলেছে, কীভাবে তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং সরকারের কোনও প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না, সে বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের ব্যাখ্যা দাবি করেছে।
সোমবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর শফিকুর রহমান তাকে প্রকাশ্যে ‘বীর ও শহীদ’ হিসেবে প্রশংসা করেছেন এবং ইসমাইল হানিয়ার জন্যও শোক প্রকাশ করে তাকে শহীদ হিসেবে কবুল করার প্রার্থনা করেছেন। এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নৃশংসতাসহ মানবতাবিরোধী অপরাধে দলটির সাবেক শীর্ষ নেতাদের দণ্ডিত হওয়ার ইতিহাসও তুলে ধরা হয়।
নারীরা তার দলের নেতৃত্ব দিতে পারবেন না—এমন ঘোষণা, ২০২৬ সালের নির্বাচনে কোনও নারী প্রার্থী না দেওয়া এবং ঘরের বাইরে কাজ করা নারীদের নিয়ে তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের একটি বিতর্কিত পোস্টের কথাও বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়।
২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) আয়োজিত এক মধ্যাহ্নভোজে তাকে আমন্ত্রণ জানানো এবং সেখানে অস্ট্রেলীয় পার্লামেন্ট সদস্যদের উপস্থিতির খবরে গভীর উদ্বেগ জানায় সংগঠন দুটি।
অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান হত্যা, নৃশংসতা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনে কট্টর ইসলামপন্থিদের ভূমিকা সুস্পষ্টভাবে নথিভুক্ত। যারা এসব নৃশংসতাকে সমর্থন করেন বা নীরব দর্শক হিসেবে থাকেন, তাদের স্বাগত জানানো অস্ট্রেলীয়দের বিভক্তই করবে এবং আমাদের সামাজিক সংহতি নষ্ট করবে।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, সামাজিক সংহতি ও বিভাজনমূলক বক্তব্যের উদ্বেগের কথা বলে আলবানিজ সরকার সাবেক ইসরায়েলি মন্ত্রী আয়েলেট শাকেদকে প্রবেশের অনুমতি দেয়নি এবং ইসরায়েলি পার্লামেন্ট সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে। তাহলে কীভাবে ইসরায়েলি রাজনীতিবিদদের বাদ দিয়ে এমন একজন রাজনৈতিক নেতাকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হচ্ছে, যিনি প্রকাশ্যে হামাস সন্ত্রাসীদের মহিমান্বিত করেছেন?
বিদেশি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে একই ধরনের মানদণ্ড অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।