খাদ্য সংকটে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের অর্ধেক জনগোষ্ঠী

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের ২৫ লাখ মানুষ অর্থাৎ দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেকই খাদ্য সংকটে ভুগছেন। দেশটির গত তিন বছরের রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

noname

ডাব্লিউএফপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর গুই অ্যাডুয়া বলেন, ক্ষুধার তাড়নায় মানুষ তাদের সহায়-সম্বল বিক্রি করে দিচ্ছেন। শিশুদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছেন। এমনকি বহু মানুষ ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে। দেশটির প্রতি ছয় ব্যক্তির একজন তীব্র খাদ্যাভাবে ভুগছেন।

এছাড়া, প্রতি তিনজনের একজন জানেন না যে, পরবর্তী খাবার তার কাছে কোথা থেকে আসবে? এমন পরিস্থিতিতে ডব্লিউএফপি চরমভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘের এই কর্মকর্তা জানান, অনাহারের কারণে মানুষ কম দামী অস্বাস্থ্যকর খাবার খেতে বাধ্য হচ্ছেন। এটা শারীরিক চাহিদা মেটানোর পরিবর্তে উল্টো তাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রাজনৈতিক সংকট চলছে। ওই বছর খ্রিস্টান মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রধানত মুসলিম সেলেকা গোষ্ঠীর ওপর সমন্বিত আক্রমণ শুরু করে। এতে বহু মানুষ নিহত হন। সংঘর্ষ বন্ধে ২০১৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের অনুমোদন নিয়ে দেশটিতে সেনা মোতায়েন করে দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স।

/এমপি/