সুদানে বিবদমানরা ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে

সুদানের যুদ্ধরত পক্ষগুলো ১০ জুন থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ১০ জুন খার্তুমের সময় সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য দেশব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় বিবদমানরা আন্দোলন, হামলা, বিমান বা ড্রোন ব্যবহার, বিমান হামলা, আর্টিলারি স্ট্রাইক থেকে বিরত থাকবে। যুদ্ধবিরতির সময় তারা সামরিক সুবিধাও নিতে পারবেন না। তারা সারা দেশে নিরবচ্ছিন্ন চলাচল এবং মানবিক সহায়তা প্রদানের সহায়তা করতে রাজি হয়েছে।

বিবৃতিটি আসলে যুদ্ধরত পক্ষগুলোর প্রতি একটি সতর্কতা। পক্ষগুলো যদি ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করতে ব্যর্থ হয়, তাহলে সহায়তাকারীরা জেদ্দা আলোচনা স্থগিত করার বিষয়ে বিবেচনা করতে বাধ্য হবে।

এর আগেও আন্তর্জাতিক মধ্যস্ততায় সুদানে কয়েকদফা যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ভেস্তে যায়। এ জন্য অবশ্য একে-অপরকে দায়ী করেছে বিবদমানরা।  

এবার তাই আগেভাগেই সতর্কতা জারি করেছে হোয়াইট হাউস। তারা বলেছে, যারাই সুদানে সহিংসতায় জড়াবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র আরেকটি বিবৃতিতে জানায়, পক্ষগুলো যদি যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে সচেতন হয় তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ খুলে যেতে পারে।