কেনিয়ায় আল শাবাব

‘নারীদের ঘরে আটকে পুরুষদের হত্যা করে জঙ্গিরা’

কেনিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় অন্তত ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে পুলিশ। তারা বলেছে, পাঁচ জনের মধ্যে কয়েকজনের শিরচ্ছেদ করা হয়েছে। সোমালিয়া সীমান্তবর্তী লামু কাউন্টির জুহুদি এবং সালামা গ্রামে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলাটি ঘটে।

পুলিশ রবিবার জানায়, পাঁচজন নিহত হয়েছে। কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছে।

লামু কাউন্টি কমিশনার লুই রোনো বলেন, ‘হামলার পর আমরা ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছি।’

হাসান আবদুল নামে এক বাসিন্দা বলেন, ‘নারীদের ঘরে আটকে রাখা হয়েছিল। পুরুষদের দড়ি দিয়ে বেঁধে হত্যা করা হয়েছে।’

নিহত পাঁচ জনের মধ্যে একজন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রও ছিল।

আবদুল বলেন, ‘পুরুষদের বাড়ির বাইরে থাকার নির্দেশ দিয়েছিল জঙ্গিরা।’

ইসমাইল হোসেন নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘জঙ্গিরা পালিয়ে যাওয়ার আগে আমাদের খাদ্যসামগ্রী চুরি করেছে। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ছিল।’

 

প্রাণঘাতী হামলা চলছেই

কেনিয়ার প্রতিবেশী সোমালিয়ায় আল শাবাব ১৫ বছরেরও বেশি সময় ধরে মোগাদিশুতে সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী বিদ্রোহ চালাচ্ছে। কেনিয়া ২০১১ সালে সোমালিয়ায় সেনা পাঠায় আল কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য।

প্রতিক্রিয়ায় কেনিয়াতে হামলা শুরু করে আল শাবাব। ২০১৩ সালে নাইরোবির ওয়েস্টগেট মলে জঙ্গি হামলায় ৬৭ জন প্রাণ হারান। এ ছাড়া ২০১৫ সালে গারিসা বিশ্ববিদ্যালয়ে আরেকটি হামলায় নিহত হন অন্তত ১৪৮ জন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড