ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারে পুলিশকে নির্দেশ নাইজার জান্তার

ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে বহিষ্কারের জন্য পুলিশকে নির্দেশে দিয়েছে নাইজার জান্তা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফরাসি রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে নাইজার সামরিক জান্তা। গত সপ্তাহে কূটনীতিককে দেশ ছাড়ার আলটিমেটাম দেওয়ার পর এই নির্দেশ জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা চিঠিতে নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফরাসি রাষ্ট্রদূত ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক কার্ড ও ভিসা বাতিল করা হয়েছে। তাই তাকে বহিষ্কার করার জন্য পুলিশ সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ২৫ আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছে, ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে একটি বৈঠকে আসতে অস্বীকার করেছেন। তাই তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। কারণ নাইজার জান্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফরাসি সরকার। বৃহস্পতিবারও রাষ্ট্রদূতকে সতর্ক করে বলেছিল, তিনি তার নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।

ফরাসি প্রেসিডেন্সির একজন মুখপাত্র বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, জান্তার এমন সিদ্ধান্তের পরও রাষ্ট্রদূত সেখানেই রয়েছেন।