দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বসতিতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই হামলায় আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার এক বিবৃতিতে দেশটির পুলিশ প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার পর এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা এই হামলার পর জড়িত ১০ জনেরও বেশি সন্দেহভাজনকে ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ওই এলাকায় আসে। এরপর তারা দুটি প্রবেশপথ দিয়ে বসতিতে ঢুকে পড়ে। বন্দুকধারীরা সেখানকার একাধিক স্থানে নির্বিচারে গুলি চালিয়ে আবার একই গাড়িতে করে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে এই হামলার সুনির্দিষ্ট কোনও উদ্দেশ্য জানা যায়নি। আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীদের কোনও পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিশ্বের সবচেয়ে উচ্চ অপরাধ ও হত্যাকাণ্ডের হারের দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। সম্প্রতি দেশটির বিভিন্ন বসতিতে এই ধরনের সহিংসতা আরও আশঙ্কাজনকভাবে বেড়েছে।
সূত্র: রয়টার্স