নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়ায় শত শত মানুষকে বহন করছিল বলে ধারণা করা একটি নৌকা উল্টে অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ রয়টার্সকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার বায়েলসা রাজ্যে আয়ামা থেকে উকুবিয়ে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও দুজন শিশু।
পুলিশ জানায়, ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং পাঁচজনকে রাজ্যের রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আরও নিহত বা নিখোঁজের সন্ধানে অনুসন্ধান দল কাজ করছে। নৌকায় কতজন ছিলেন, তা পুলিশ বলেনি। তবে কয়েকজন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ৩০০ জন ছিলেন। পুলিশ জানায়, চালক পালিয়ে গেছেন এবং নৌযানের ব্যবস্থাপককে হেফাজতে নেওয়া হয়েছে।
বায়েলসা রাজ্য পুলিশ কমান্ডের বিবৃতি অনুযায়ী, রাজ্যের সাউদার্ন ইজাও জেলার ওয়েইকোরোঘা ও ওতুয়ান জনপদের মাঝের নদীর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, নৌকাটি দাফনের অনুষ্ঠানে যাচ্ছিল। পুলিশ স্থানীয় ডুবুরি ও অন্য উদ্ধারকারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
নাইজেরিয়ার ব্যস্ত নদী ও জলপথে এ ধরনের নৌকাডুবি সাধারণ ঘটনা। অতিরিক্ত যাত্রী বহন, দুর্বল রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা বিধি না মানা প্রায়ই এর কারণ হয়।
আগস্টে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে নৌকা ডুবে অন্তত ৫১ জন মারা যান। জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে রাজ্যের রাজধানীতে যাত্রী বহনকারী নৌকা উল্টে অন্তত ২৬ জন ডুবে মারা যান।