বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে আগের জারি করা সতর্কতা বহাল রাখার কোনও প্রয়োজন নেই।
রবিবার চিলির পুয়েতো মন্ট থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প হয়। চিলির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। দেশটির জাতীয় জরুরি সেবার আঞ্চলিক পরিচালক আলেহান্দ্রো ভারগেজ জানান, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর তাদের কাছে পৌঁছায়নি।
চিলির স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি অফিস (ওনেমি) জানিয়েছিল স্থানীয় সময় দুপুর ১টায় চিলির লস লাগোস অঞ্চলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে। সংস্থাটির প্রধান রিকার্ডো টোরো এলাকার বাসিন্দাদের সৈকত ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উপকূল থেকে মানুষদের সরে যেতে বলা হয়। প্রায় ৪ হাজার মানুষকে সরিয়েও নেওয়া হয়।
বিওবিও, আরাউকানিয়া, লস রিওস ও আয়সেন অঞ্চলের মানুষদেরও এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য বলা হয়েছে। আর্জেন্টিনার বারিলোচ শহরেও কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি শহর কুয়েলন-এর বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন। এক বাসিন্দা জানান, আমি দশ বছর ধরে এখানে বাস করছি কিন্তু কখনও ভয় পাইনি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পন এলাকা চিলি। ২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
/এএ/