যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংক্ষিপ্ত তুরস্ক সফরে ইস্তানবুলভিত্তিক অর্থোডক্স খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার তুরস্ক অবস্থানের সময় তিনি তুরস্কের কোনও সরকারি কর্মকর্তার সঙ্গে অফিসিয়াল বৈঠক করেননি। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সাতটি দেশ সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কে তিনি শুধু একুমেনিকাল প্যাট্রিয়াখ বার্থোলোমেউর সঙ্গে বৈঠক করেছেন। টুইটারে তিনি একটি ছবি প্রকাশ করেছেন, যাতে দেখা গেছে বার্থোলোমেউ তাকে স্বাগত জানাচ্ছেন।
পম্পেও আরও উল্লেখ করেছেন, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষে মানবিক সংকট উত্তরণে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, আজ আমরা নাগোরনো-কারাবাখ সংঘাতে আক্রান্তদের জন্য ত্রাণ সহযোগিতার ঘোষণা দিচ্ছি। আর্মেনিয়া ও আজারবাইজানকে মিনস্ক গ্রুপের সঙ্গে পুনরায় আলোচনায় বসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
অর্থোডক্স ধর্মীয় নেতার সঙ্গে পম্পেওর আলোচনায় তুরস্কে ধর্মীয় স্বাধীনতা স্থান পেয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে ক্ষুব্ধ হয়েছে আঙ্কারা। তুর্কি সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মনোযোগ দিতে।
গত সপ্তাহে তুরস্ক কঠোর ভাষায় পম্পেওর ইস্তানবুল সফরের সমালোচনা করে। এক বিবৃতিতে বলা হয়, বর্ণবাদ, ইসলামবিদ্বেষ ও বিদ্বেষমূলক অপরাধের ক্ষেত্রে ওয়াশিংটনের উচিত আয়নায় নিজেকে দেখা।