যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)- এর টিকিৎসা বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছেন। বৃহস্পতিবার ২৩ সদস্যের প্যানেল সদস্যরা বৈঠকের পর এই সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, উপদেষ্টা প্যানেল নিশ্চিত হয়েছে যে, ভ্যাকসিনটি ব্যবহারে ঝুঁকির চেয়ে উপকার বেশি।
ফাইজারের ভ্যাকসিন ইতোমধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরবে অনুমোদিত হয়েছে।
এফডিএ’র উপদেষ্টারা ভ্যাকসিনটি ব্যবহারের সুপারিশ করলেও তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার জন্য এফডিএ’র ভ্যাকসিন প্রধানের সম্মতি লাগবে। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই তা পাওয়া যাবে।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় বিশ্বের যে কোনও তুলনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ডের দিনে এই সুপারিশ করা হলো। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, এফডিএ’র বৈঠকের পর কয়েকদিনের মধ্যে ভ্যাকসিন অনুমোদন পাবে এবং পরের সপ্তাহে সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে।
ভ্যাকসিন উদ্ভাবন ও বিতরণের জন্য মার্কিন সরকার অপারেশন ওয়ার্প স্পিড বাস্তবায়ন করছে। তারা জানিয়েছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রয়োগ করা শুরুর প্রস্তুতি তাদের রয়েছে।
প্রথম ধাপে ডিসেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রকে ৬৪ লাখ ভ্যাকসিন ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে ফাইজারের। এই ভ্যাকসিনের ডোজ প্রয়োজন একজন ব্যক্তির জন্য। প্রথম ধাপে ৩০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে।