হাইতির রাজধানী পোর্ট-আ-প্রিন্সের বাইরে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্দেহভাজন অপরাধী চক্র একদল সাংবাদিকের ওপর গুলি চালালে তারা নিহত হয়। ওই সাংবাদিকেরা প্রতিদ্বন্দ্বি একটি গ্রুপের নেতার সাক্ষাৎকার নিতে সমবেত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম।
নিহত দুই সাংবাদিক হলেন মন্ট্রিলভিত্তিক রেডিও স্টেশন একিউট এফএম- এ কর্মরত আমাদি জন ওয়েসলি এবং স্থানীয় প্রতিবেদক উইলগুয়েন্স লুইসাইন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে তাদের পরিচয় জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জন ওয়েসলির মৃত্যুর খবর নিশ্চিত করেছে একিউট এফএম। এক বিবৃতিতে তারা এই হত্যাকাণ্ডকে অপরাধ এবং বর্বর কাজ বলে আখ্যা দিয়েছে।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলা থেকে বেঁচে গেছেন তৃতীয় আরেক সাংবাদিক।
হাইতির লাবুলে ১২ এলাকার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকটি অপরাধী চক্রের মধ্যে সংঘাত চলছে। ওই এলাকাতেই সাংবাদিক হত্যার ঘটনা ঘটে।