স্বাধীনতা দিবসের ঠিক আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

২৪ ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলার দুটি ঘটনার ঘটেছে যুক্তরাষ্ট্রে। বাল্টিমোরের ব্লক পার্টিতে গোলাগুলির পর এবার ফিলাডেলফিয়ায় ঘটেছে একই ধরনের হামলা। কিংসেসিং এলাকায় সোমবার বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সবাই পুরুষ। হামলায় আহত হয়েছেন ২ ও ১৩ বছরের দুই শিশু। 

সিএনএন-এর খবরে বলা হয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি অস্ত্র। আহত দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যালিস্টিক ভেস্ট পরা ছিল। তার কাছে একটি রাইফেল এবং হ্যান্ডগান ছিল। আহতদের ওই এলাকার বিভিন্ন স্থানে পাওয়া গেছে।

ফিলাডেলফিয়া পুলিশ জানিয়ে, তদন্তের পর বিস্তারিত জানানো হবে। 

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিলাডেলফিয়ায় হামলাটি মেরিল্যান্ডের বাল্টিমোরে বন্দুক হামলায় ২ জন মারা যাওয়ার ঠিক একদিন পর ঘটেছে। ওই ঘটনায় আহত হয় ২৮ জন; যাদের প্রায় অর্ধেকই শিশু। পুলিশ এখনও সন্দেহভাজনকে ধরতে পারেনি।

সূত্র: সিএনএন