প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমিখ্যাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতে নর্থ রিমের একটি প্রান্ত থেকে প্রায় ১০০ ফুট (৩০ মিটার) নিচে পিছলে পড়ে গিয়েও বেঁচে গেছে ১৩ বছর বয়সী এক শিশু। ওয়াট কফম্যান নামক ওই শিশুকে নিরাপদে উদ্ধার করতে দুই ঘণ্টা সময় লেগেছে এক ডজন উদ্ধারকর্মীর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নর্থ রিম একটি জনপ্রিয় পর্যটন স্থান। যেটি রাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ব্রাইট অ্যাঙ্গেলে অবস্থিত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম শ্রেণির জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি) এবং প্রস্থে শূন্য দশমিক ২৫ থেকে ১৮ মাইল পর্যন্ত এবং প্রায় ১৮০০ মিটার গভীর।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর আহত ওয়াট কফম্যানকে উদ্ধার করে হেলিকপ্টারে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি করা হয়। তার ৯টি কশেরুকা ভেঙে গেছে, প্লিহা ফেটে গেছে, এক হাত ভেঙেছে, আঙুল ভেঙেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মঙ্গলবার (৮ আগস্ট) পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে। ওয়াটের বাড়ি নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে।
স্থানীয় একটি টেলিভিশনকে দেওয়া ওয়াট কফম্যানের ভাষ্যমতে, সে হাঁটার সময় অনেক পর্যটক ছবি তুলছিলেন। তাদের জায়গা দিতে গিয়ে একেবারে প্রান্তে চলে যায় সে। তখনই পা পিছলে পড়ে যায় নিচে।
সে আরও জানায়, নিচে পড়ে গিয়ে একটি পাথরের ওপর বসে পড়ে। তারপর সেটিকে আঁকড়ে ধরে সে। যখন পাথর থেকে তার হাত সরে যায়, তখন নিচে পড়তে শুরু করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিনিক্স টেলিভিশন স্টেশন কেপিএনএক্সকে সে বলে, ‘পড়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নেই।’
ওয়াটের বাবা ব্রায়ান কফম্যান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমার খুবই ভাগ্যবান যে আজ কফিনে করে তার মরদেহ আসার বদলে আমরা তাকে জীবিত ফিরে পেয়েছি।
তিনি জানান, হাসপাতাল থেকে তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছেন।
ন্যাশনাল পার্ক সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘হেলিকপ্টার ব্যবহার সম্ভব না হওয়ায় উদ্ধারকারীরা দড়ির মাধ্যমে তাকে নিরাপদে তুলে আনতে সক্ষম হয়েছে।’