হোয়াইট হাউজের গেটে গাড়ির ধাক্কা, চালক আটক

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ কমপ্লেক্সের বাইরের এক গেটে একটি গাড়ি ধাক্কা দেওয়ার পর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বাইরের একটি গেটে ধাক্কা দেয় গাড়িটি।

প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ডিসিতে এই মুহূর্তে অবস্থান করছেন না। তিনি সাউথ ক্যারোলাইনা থেকে টেক্সাস সফরে রয়েছে।

গেটে গাড়ির ধাক্কায় কোনও হতাহতের খবর জানা যায়নি। 

অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন, এক ব্যক্তিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। ধাক্কার ঘটনাটি এখনও তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পর্যন্ত গাড়ির চালকের নাম প্রকাশ করা হয়নি এবং প্রসিকিউটররা তার বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনেননি।

গুগলিয়েলমি ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা তা এখনও অস্পষ্ট।

অতীতে হোয়াইট হাউজের গেটে গাড়ির ধাক্কার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের মে মাসেও গেটে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।