কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে তার রানিং মেট হিসেবে নির্বাচিত করেছেন। মঙ্গলবার  (৬ আগস্ট) এই সিদ্ধান্তের মাধ্যমে হ্যারিস একজন প্রগতিশীল  নীতির সমর্থক ও সুবক্তাকে নিজের প্রচারণায় যুক্ত করলেন। ওয়ালজ যুক্তরাষ্ট্রের গ্রামীণ শ্বেতাঙ্গ ভোটারদের মন জয় করতে তাকে সহায়তা করতে পারবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হ্যারিস তার সমর্থকদের উদ্দেশে পাঠানো এক বার্তায় বলেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি: মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ আমাদের প্রচারণায় আমার রানিং মেট হিসেবে যোগ দেবেন। টিম একজন পরীক্ষিত নেতা। আমি জানি যে, তিনি এই একই নীতিগত নেতৃত্ব আমাদের প্রচারণায় ও ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে নিয়ে আসবেন।

৬০ বছর বয়সী ওয়ালজ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ন্যাশনাল গার্ডের একজন সাবেক সদস্য ও শিক্ষক। ২০০৬ সালে রিপাবলিকানদের দখলে থাকা একটি জেলা থেকে কংগ্রেসে নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে মিনেসোটা গভর্নর হিসেবে নির্বাচিত হন।

গভর্নর হিসেবে ওয়ালজ একটি প্রগতিশীল এজেন্ডা এগিয়ে নিয়ে  যাচ্ছে। আর তা হলো বিনামূল্যে স্কুলের খাবার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মধ্যবিত্তের জন্য করছাড় এবং মিনেসোটা কর্মীদের জন্য সম্প্রসারিত স্ববেতন ছুটি।

ওয়ালজ দীর্ঘদিন ধরে নারীদের গর্ভপাতের অধিকার সমর্থন করে আসছেন। তবে তিনি কংগ্রেসে একটি গ্রামীণ জেলার প্রতিনিধিত্ব করার সময় কৃষি স্বার্থ ও অস্ত্র অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।

মিনেসোটা, উইসকনসিন এবং মিশিগান—এই তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে নির্ধারণী ভূমিকা পালন করে।  ওয়ালজকে গ্রামীণ শ্বেতাঙ্গ ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতা হিসেবে দেখা হচ্ছে।