মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার রুশ দূতাবাসের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাস। মার্কিন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, নির্বাচনকেন্দ্রে বোমা হামলার ভুয়া হুমকির উৎস রাশিয়ার ইমেইল ডোমেইন থেকে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এফবিআই নিশ্চিত করেছিল যে, যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের ভোটকেন্দ্রে বোমার ভুয়া হুমকি রাশিয়ার ইমেইল ডোমেইন থেকে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এফবিআই জানিয়েছে, এই হুমকিগুলো বিশ্বাসযোগ্য নয়। তবে এটি কিছু ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য করেছে।

গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, রুশ অপারেটররা পেনসিলভানিয়ায় মেইল-ইন ব্যালট ধ্বংসের মিথ্যা ভিডিও তৈরি করেছিল। এসব ভিডিও অক্টোবরের শেষের দিকে প্রচারিত হয়।

ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাস এই অভিযোগকে ‘অসত্য ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া বিবৃতিতে দূতাবাস জানায়, রাশিয়ার ষড়যন্ত্রের সম্পর্কে সব অভিযোগ বিদ্বেষমূলক অপবাদ। এগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে কাজে লাগানোর জন করা হচ্ছে।

দূতাবাস আরও বলেছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে আমরা এ সংক্রান্ত কোনও প্রমাণ বা অনুরোধ পাইনি।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভও বারবার বলেছেন, মস্কোর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে লক্ষ্যবস্তু বানানো রুশ ‘ট্রোল ফ্যাক্টরি’র একটি শাখা পশ্চিমা, বিশেষ করে মার্কিন ভোটারদের মনোভাব প্রভাবিত করার প্রচারণায় যুক্ত ছিল বলে একটি যৌথ তদন্তে উঠে এসেছে।