কুইন্সে প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি হতে পারেন সোমা সৈয়দ

বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সৈয়দকে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টি। মঙ্গলবার (১১ আগস্ট) ঘোষিত এই মনোনয়নের ফলে তিনি নভেম্বরের সাধারণ নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জয়ী হলে তিনি কুইন্সের প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি-আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি হবেন।

এই মনোনয়ন নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ এবং বিচারপতি সৈয়দের দীর্ঘ আইনি কর্মজীবনের বড় স্বীকৃতি। রাজ্যের সর্বোচ্চ ট্রায়াল কোর্টের জন্য তার প্রচারণা কেন্দ্রীভূত হবে অভিজ্ঞতা, ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার এবং কুইন্সের বৈচিত্র্যময় জনগণের সেবায় তার নিষ্ঠার ওপর।

ইতিহাস গড়া সোমা সৈয়দের জন্য নতুন নয়। ২০২১ সালে তিনি নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি-আমেরিকান বিচারক হিসেবে পরিচিতি পান। ২০২২ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে বর্তমানে ২০৩২ সাল পর্যন্ত মেয়াদে আছেন। বিচারক হওয়ার আগে তিনি নিজস্ব আইন সংস্থা পরিচালনা করেছেন এবং রিয়েল এস্টেট, ইমিগ্রেশন ও পারিবারিক আইনসহ নানা ক্ষেত্রে মামলা লড়েছেন। কুইন্স কাউন্টি উইমেন’স বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিচারপতি সৈয়দের স্বামী মিজানুর রহমান চৌধুরীর পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার আকাইখুরা ইউনিয়নে। তার ছোট ভাই বোরহান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি বলেন, এই মনোনয়ন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির গর্ব ও ঐতিহ্যের প্রতিফলন।

নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট রাজ্যের সর্বোচ্চ ট্রায়াল কোর্ট, যা দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করে। নির্বাচিত হলে, সোমা সৈয়দ লক্ষাধিক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার সম্ভাব্য ঐতিহাসিক বিজয় বিচার বিভাগ ও সরকারি সেবায় পিছিয়ে থাকা পটভূমির নতুন প্রজন্মের আইনজীবীদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।