মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটি সমঝোতায় রাজি হতে পারেন। শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে দুই নেতার শীর্ষ বৈঠকের আগের দিন বৃহস্পতিবার পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করার পর ট্রাম্প এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয়, তিনি (পুতিন) একটি চুক্তি করবেন।
বৈঠক সফল হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ফোন করবেন জানিয়ে ট্রাম্প বলেছেন, ব্যর্থ হলে তিনি তা করবেন না। তার লক্ষ্য, বৈঠক থেকে একটি দ্বিতীয় পর্যায়ের আলোচনা তৈরি করা, যেখানে ইউক্রেনও অংশ নেবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তাৎক্ষণিক যুদ্ধবিরতি হবে কি না, আমি জানি না।
পুতিন বৃহস্পতিবার শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে যথেষ্ট সক্রিয় ও আন্তরিক বলে অভিহিত করেন। তার ভাষায়, এই প্রচেষ্টা শত্রুতা বন্ধ, সংকট নিরসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থে সমঝোতা গড়ে তুলতে সহায়ক। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বিস্তৃত আলোচনার অংশ হবে। ক্রেমলিনের এক সহকারী জানান, অর্থনৈতিক সম্পর্কের অব্যবহৃত বিশাল সম্ভাবনাও আলোচনায় আসবে।