যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়, অতি শৈত্যপ্রবাহের শঙ্কা

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ শীতকালীন ঝড় নেমে এসেছে। রকি পর্বতমালা থেকে আটলান্টিক উপকূল পর্যন্ত এই ঝড়ে তুষারপাত, বরফবৃষ্টি ও অতি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা ও কানসাসের কিছু অংশে তুষারপাত শুরু হয়েছে, যা এই মৌসুমের সবচেয়ে তীব্র ও ব্যাপক ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষারঝড়ের তীব্রতা আরও বাড়বে। ভারী তুষার, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টি হবে, যার সঙ্গে যুক্ত থাকবে বিপজ্জনকভাবে কম তাপমাত্রা। এতে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ১৪টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি-তে আবহাওয়াজনিত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বড় বড় মার্কিন এয়ারলাইন্স যাত্রীদের ফ্লাইট পরিবর্তন বা বাতিলের বিষয়ে সতর্ক করেছে।

ইউএস ওয়েদার প্রেডিকশন সেন্টারের আবহাওয়াবিদ জ্যাকব আশারম্যান এই ঝড়কে ‘ভয়ংকর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, তীব্রতা এবং বিস্তৃতির দিক থেকে এটি এই মৌসুমের সবচেয়ে বড় ঝড়। ডাকোটা ও মিনেসোটায় বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। যথাযথ পোশাক ছাড়া বাইরে বের হলে দ্রুত হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেছেন।

ezgif-536790944ae33be8

জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) জানিয়েছে, রকি পর্বতমালা, সমভূমি ও উত্তর-পূর্বাঞ্চলে এক ফুটেরও বেশি তুষার জমতে পারে। ঝড়ের প্রভাবে লুইজিয়ানা, মিসিসিপি এবং টেনেসিতে প্রায় এক ইঞ্চি পুরু বরফের আস্তরণ তৈরি হতে পারে। একে বিধ্বংসী বরফ জমে যাওয়া হিসেবে বর্ণনা করা হচ্ছে। ডালাসেও আধা ইঞ্চি বরফ জমার পূর্বাভাস রয়েছে, যা রাস্তাঘাটকে অত্যন্ত বিপজ্জনক করে তুলবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্যাসিফিক এবং মেক্সিকো উপসাগর থেকে আসা আর্দ্রতার সঙ্গে আর্কটিক বায়ু মিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত এই চরম শীতল অবস্থা বজায় থাকতে পারে।

ঝড়ের কবলে পড়তে যাওয়া এলাকাগুলোতে কয়েকদিন ধরে বিদ্যুৎ না থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রধান বিমান সংস্থাগুলো ইতোমধ্যে ফ্লাইটের সময় পরিবর্তন ও বাতিলের সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর চলাচলের সুবিধার্থে ন্যাশনাল গার্ডের কাছে বিশেষ যান চেয়েছেন। অন্যদিকে, নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বিশাল এক অভিযানে তুষার সরানোর প্রস্তুতি নিয়েছেন।

টেক্সাসের বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ ইআরসিওটি জানিয়েছে, তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। উল্লেখ্য, ২০২১ সালের এক বরফ ঝড়ে টেক্সাসে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটিয়েছিলেন।