দোষী সাব‍্যস্ত হলেও মৃত‍্যুদণ্ড হবে না লুইজি ম‍্যানজিওনের

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসন হত্যাকাণ্ডে অভিযুক্ত লুইজি ম্যানজিওনে দোষী সাব্যস্ত হলেও মৃত্যুদণ্ডের মুখে পড়বেন না। এক ফেডারেল বিচারক মৃত্যুদণ্ডের যোগ্যতার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি অভিযোগ খারিজ করায় এই সিদ্ধান্ত কার্যকর হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে।

মার্কিন জেলা বিচারক মার্গারেট গারনেট বলেন, দুটি অভিযোগ আইনগতভাবে সহিংস অপরাধ এর সংজ্ঞা পূরণ করে না। তিনি জোর দিয়ে বলেন, এই রায় কেবল জুরির বিবেচনায় মৃত্যুদণ্ড বাতিল করার জন্য দেওয়া হয়েছে। ম্যানজিওনের দোষী বা নির্দোষ নির্ধারণের দায়িত্ব জুরির হাতেই থাকবে, আদালতের প্রক্রিয়াগত সিদ্ধান্ত এতে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

২৭ বছর বয়সী ম্যানজিওনেকে ২০২৪ সালের ডিসেম্বরে ম্যানহাটনের ব্যস্ত একটি সড়কে গুলির ঘটনার কয়েক দিন পর গ্রেপ্তার করা হয়। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগসহ অঙ্গরাজ্য পর্যায়ে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জুরি নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে আগামী ৮ সেপ্টেম্বর। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে শুনানি।

এদিকে ম্যানজিওনের ব্যাকপ্যাক থেকে উদ্ধার করা আলামত আদালতে উপস্থাপনের অনুমতি দিয়েছেন বিচারক গারনেট। এসব আলামতের মধ্যে রয়েছে একটি লাইসেন্সহীন বন্দুক, ভুয়া পরিচয়পত্র এবং বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা নোট। আসামী পক্ষ দাবি করেছিল, অবৈধ তল্লাশির মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়েছে।

অন্যদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের কৌঁসুলিরা ম্যানজিওনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ঠান্ডা মাথায় হত্যাসহ মোট নয়টি অভিযোগে মামলা চালাচ্ছেন। তারা আগামী ১ জুলাইয়ের মধ্যেই অঙ্গরাজ্য পর্যায়ের বিচার শুরু করতে চাইছেন।