প্রথমবারের মতো বিজ্ঞাপন দিলো ইলন মাস্কের স্পেসএক্স

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং জনপ্রিয় বিজ্ঞাপনী প্ল্যাটফর্ম সুপার বোলের অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো বিজ্ঞাপন প্রচার করল ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স। রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এনএফএল চ্যাম্পিয়নশিপ এর খেলা চলাকালীন সময় ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন চালায় সংস্থাটি, যা তাদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবাকে তুলে ধরে। এর মাধ্যমে মাস্কের কোনো কোম্পানির সুপার বোলে প্রথম বিজ্ঞাপন প্রচার করার ঘটনা ঘটলো। মার্কিন বাণিজ্য বিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডার এ খবর জানিয়েছে।

এই বিজ্ঞাপনে কিংবদন্তি বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আর্থার সি ক্লার্কের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে স্পেসএক্সের ফ্যালকন ৯ এবং স্টারশিপ রকেট পৃথিবীতে ফিরে আসার দৃশ্য দেখানো হয়েছে। বিভিন্ন দুর্গম অঞ্চলে স্টারলিংকের কার্যক্রম প্রদর্শন করে এতে বলা হয়,দ্রুত, “সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট, সবখানে!”  

ইলন মাস্কের টেসলা এবং স্পেসএক্স আগে প্রচলিত বিজ্ঞাপন এড়িয়ে চললেও সম্প্রতি এই অবস্থান বদলাতে শুরু করেছে। গত বছর টেসলা তার পুরো মার্কেটিং বিভাগটিকে বরখাস্ত করে, অন্যদিকে স্পেসএক্স প্রধানত গণমাধ্যমের মনোযোগ আকর্ষণকারী রকেট পরীক্ষার ওপর নির্ভর করত। তবে সম্প্রতি মাস্কের এক্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন শুরু করেছে উভয় কোম্পানি। স্টারলিংক এর আগেও টি-মোবাইলের মতো অংশীদারদের বিজ্ঞাপনে স্থান পেয়েছে, কিন্তু নিজস্ব বিজ্ঞাপন সুপার বোলে প্রদর্শন এই প্রথম। এ বছর সুপার বোলের ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন স্লটের দাম ছিল গড়ে ৮০ লাখ থেকে ১ কোটি ডলার।

সম্প্রতি স্পেসএক্স প্রাথমিকভাবে বিনিয়োগের জন্য গণপ্রস্তাবনা আহ্বান করেছে, যা সংস্থাটির মূল্য পূর্বের সব রেকর্ড ভেঙ্গে  ১.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত উঠিয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টারলিংকের ব্যাপক সাফল্য স্পেসএক্সের এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে, যার ৯,০০০ এরও বেশি নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ১৫৫টি দেশে ৯০ লাখ গ্রাহককে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। সম্প্রতি মাস্ক ঘোষণা দিয়েছেন, শক্তিশালী এআই  মডেল প্রশিক্ষণের জন্য সৌরশক্তিচালিত অরবিটাল ডেটা সেন্টার নেটওয়ার্ক চালু করতে স্পেসএক্স তার এআই স্টার্টআপ এক্সএআইয়ের সাথে একীভূত হতে যাচ্ছে।