মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।  ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার দুপুর ২টার দিকে পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুঙ্কোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি মায়ামি বিমানবন্দরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমানটি রানওয়ে অতিক্রম করে কয়েকটি গাড়ির ওপর ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। 

রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন ক্যাভা জানান, দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন।

মায়ামির ফায়ার প্রধান রায়েদ জাদাল্লাহ জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গ্রাউন্ডের বেশ কয়েকটি যানবাহনের নিচে ও ভেতরে আটকে থাকা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার পরপরই ব্যস্ততম লেবার ডে উইকেন্ড চলাকালীন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিমানবন্দরটির সব ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। নর্থ ক্যারোলাইনাভিত্তিক চার্টার সংস্থা ‘২১ এয়ার’ দ্বারা পরিচালিত প্রাইম এয়ারের (ফ্লাইট ৭৫৯৮) এই বিমানটির দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ঘটনাটির তদন্ত শুরু করেছে।