যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডিজেলবাহী চতুর্থ রুশ জাহাজ

চলতি মাসের শুরুতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে হওয়া চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ডিজেল জ্বালানি নিয়ে চার নম্বর ট্যাঙ্কারটি বুধবার রওনা দেবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। মঙ্গলবার মস্কোয় গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম-এর ফাঁকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ইতোমধ্যে তিনটি জাহাজ পাঠানো হয়েছে এবং ২৮ তারিখ চার নম্বর জাহাজটি ছাড়বে বলে তারা আশা করছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ডিজেল চুক্তির বিরোধিতা করায় দেশটির রাজনীতিবিদদের ভূমিকার সমালোচনা করে নোভাক বলেন, সাধারণভাবে, অবশ্যই ডেমোক্র্যাটদের অবস্থান আশ্চর্যজনক, তারা যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের স্বার্থের পক্ষে কথা বলেন না বা কাজও করেন না।

ইউরোপ চাইলে রাশিয়া পুনরায় গ্যাস সরবরাহ শুরু করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, আমাদের দিক থেকে আমরা প্রস্তুত। আমরা সবসময়ই নির্ভরযোগ্য সরবরাহকারী ছিলাম।

ইউরোপ গ্যাস না কিনলে তা বিক্রির জন্য অন্য বাজার রয়েছে উল্লেখ করে তিনি যোগ করেন, গত কয়েক বছরে আমরা সেসব দেশে সরবরাহ বাড়ানোর অবকাঠামো তৈরি করেছি যেখানে ব্যবহার ও অর্থনীতি দ্রুত বাড়ছে। তাই এ বিষয়ে রাশিয়ার কোনও সমস্যা নেই, এটি বরং ইউরোপের সমস্যা।

নোভাক জানান, চীনের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইনের রুশ গ্যাসের চেয়ে বেশি ব্যয়বহুল। এতে ঘাটতি ও বাড়তি দামের কারণে ভোক্তাদের বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে নর্ড স্ট্রিম পাইপলাইনগুলোর চাহিদা ইউরোপের কাছে থাকবে বলে মনে করেন তিনি।

এই মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ লাখ টনের বেশি ডিজেল তাৎক্ষণিক সরবরাহের এই চুক্তি প্রকাশ করেন। ট্রাম্প জানান, নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরে আরও ১০ লাখ টন ডিজেল দেবে রাশিয়া। পুতিন এই চুক্তিকে বিশ্ব অর্থনীতির জন্য উপকারী বললেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর তীব্র সমালোচনা করে সতর্ক করেছেন যে, এই রফতানি রাশিয়ার যুদ্ধ তহবিলে সহায়তা করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি