যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) অভাবনীয় বড় জয়ের পথে এগোচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি। সিএনএন-এর পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ২৫০টিরও বেশি আসনে জয় নিশ্চিত করেছে, যেখানে তাদের নিট আসন বেড়েছে প্রায় ৪০টি। সব আসনের গণনা শেষ হলে দলটি ২৬০টি বা তারও বেশি আসন পেতে পারে, যা ১৯৯০-এর দশকের শুরুর পর দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা হতে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটরা ২৫৯টি কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে। এই ব্যবধান বজায় থাকলে রিপাবলিকানরা ১৭৪টি আসনে নেমে আসবে, আর লুইজিয়ানা অঙ্গরাজ্যের দুটি আসনে রানঅফ ভোট অনুষ্ঠিত হবে। দক্ষিণ ক্যারোলাইনার ১ম, কলোরাডোর ৪থ, ফ্লোরিডার ৯ নম্বর, মিনেসোটার ১ম, নর্থ ক্যারোলাইনার ৫ নম্বর এবং টেনেসির ৪ নম্বর—এই ছয়টি ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটরা বর্তমানে মাত্র এক শতাংশ বা তার চেয়ে কম ব্যবধানে এগিয়ে রয়েছে।
যদি ডেমোক্র্যাটরা ২৬০টি আসনে পৌঁছায়, তবে এটি হবে ১৯৯১-৯৩ মেয়াদের (২৬৭ আসন) পর দলটির সর্ববৃহৎ হাউজ সংখ্যাগরিষ্ঠতা। এর আগে ২০০৮ সালে বারাক ওবামার বিজয়ের সময় ডেমোক্র্যাটরা ২৫৭টি আসন পেয়েছিল। বিপরীতে, মহামন্দার পর থেকে রিপাবলিকানদের সর্বোচ্চ আসন সংখ্যা ছিল ২০১৪ সালের নির্বাচনে ২৪৭টি। ২৬০টি আসন পাওয়ার অর্থ হলো প্রতিনিধি পরিষদের মোট আসনের ৬০ শতাংশই ডেমোক্র্যাটদের দখলে যাওয়া। অন্যদিকে, সিনেটের বাকি আসনগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে ডেমোক্র্যাটরা ৫৪ থেকে ৫৬ শতাংশ আসনে বিজয়ী হতে যাচ্ছে।
সব ফলাফল চূড়ান্ত হলে ডেমোক্র্যাটদের মোট নিট আসন বৃদ্ধি দাঁড়াবে প্রায় ৫০টি, যা গত ৫০ বছরের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আসন বৃদ্ধি। এর আগে ২০১০ সালে রিপাবলিকানরা ৬৩টি এবং ১৯৯৪ সালে ৫৪টি আসন বাড়িয়েছিল।
এ ছাড়া জাতীয় পপুলার ভোটে ডেমোক্র্যাটরা বর্তমানে প্রায় ১২ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছে, যা পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর ভোট গণনা শেষে আরও বাড়তে পারে। ১৯৮২ সালের পর এটি মাত্র দ্বিতীয়বার, যখন কোনও দল প্রতিনিধি পরিষদের পপুলার ভোটে দুই অঙ্কের ব্যবধানে জয় পেতে যাচ্ছে। এর আগে কেবল ২০০৮ সালে ডেমোক্র্যাটরা ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল।
সূত্র: উইয়ন নিউজ