যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির একটি ময়লার ভাগাড় থেকে হঠাৎ বিপুল পরিমাণ গ্যাস বেরিয়ে আকাশে বিশাল মেঘের মতো ছড়িয়ে পড়ে। সোমবার ভাগাড়টিতে খননকাজের সময় এ ঘটনা ঘটে। এতে ছয়জন সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
কাউন্টির অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র জোনাথন টরেস আহতদের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তারা কারা, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
অগ্নিনির্বাপণ বিভাগের ক্যাপ্টেন অ্যারন কেটন জানান, কাস্টেইক এলাকার চিকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলে নিয়মিত খননকাজ করছিলেন কর্মীরা। মাটির প্রায় ১৫০ ফুট বা ৪৬ মিটার গভীরে কাজ করার সময় তারা ভাগাড়ে পচে যাওয়া আবর্জনা থেকে স্বাভাবিকভাবে তৈরি হওয়া গ্যাসের সন্ধান পান।
কেটন বলেন, গ্যাসটি ওই ছিদ্র দিয়ে বেরিয়ে আসার সময় এর সঙ্গে পচে যাওয়া আবর্জনার ছোট ছোট অংশও বাইরে চলে আসে। এতে আকাশে বিশাল মেঘের মতো একটি কুণ্ডলী তৈরি হয়। ঘটনার পর আশপাশের বাতাসের মান পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। তাদের পরীক্ষায় দেখা গেছে, নির্গত গ্যাস স্থানীয় বাসিন্দাদের জন্য কোনও বিপদ তৈরি করছে না। সোমবার রাতের মধ্যে গ্যাসের কুণ্ডলীর ঘনত্বও উল্লেখযোগ্যভাবে কমে আসে বলে জানান কেটন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে সান্তা ক্লারিটা শহর কর্তৃপক্ষ জনসাধারণকে ভাগাড়টির আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কাছাকাছি বসবাসকারী কিছু বাসিন্দাকে প্রয়োজনে এলাকা ছাড়ার প্রস্তুতি রাখতেও বলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিষাক্ত পদার্থ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, চিকুইটা ক্যানিয়ন ল্যান্ডফিলটি ৬৩৯ একর বা প্রায় ২৫৯ হেক্টর আয়তনের একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র।