আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকেরা। কৌঁসুলিদের আপিল চলমান থাকলেও ১২ নভেম্বরের আদেশে তদন্তের ওই অংশ বন্ধ করা হয়েছে।
এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আপত্তির একটি বিষয়কে সামনে এনেছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্তকে আইসিসির বিরুদ্ধে ওয়াশিংটনের আপত্তির অন্যতম কারণ হিসেবে দেখা হয়। এমইইর মতে, এ সিদ্ধান্ত ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমানোর প্রচেষ্টা কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আফগানিস্তান তদন্তের শুরু
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আইসিসির তদন্ত শুরু হয় ২০১৭ সালের নভেম্বরে। সে সময় তৎকালীন কৌঁসুলি ফাতু বেনসুদা ২০০৩ সাল থেকে সংঘটিত কথিত অপরাধ তদন্তের অনুমতি চান। অভিযোগের আওতায় ছিল আফগান ও মার্কিন বাহিনী, তালেবান এবং ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ (আইএস-কে)।
২০১৯ সালে প্রাথমিক পর্যায়ের বিচারিক প্যানেল আবেদনটি প্রত্যাখ্যান করে। তবে ২০২০ সালের মার্চে আপিল বিভাগ সিদ্ধান্তটি বাতিল করে তদন্তের অনুমতি দেন। পরে মার্কিন নাগরিকদের আইসিসির এখতিয়ারে আনার চেষ্টার অভিযোগে বেনসুদা ও তদন্তের অনুমতি দেওয়া আপিল বিভাগের কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। ২০২১ সালে তৎকালীন কৌঁসুলি করিম খান মার্কিন সামরিক বাহিনী, সিআইএ ও সাবেক আফগান সরকারি বাহিনীর বিরুদ্ধে তদন্তকে অগ্রাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেন। বরং তালেবান ও আইএস-কের বিরুদ্ধে অভিযোগে মনোযোগ দেন তিনি।
তালেবান তদন্ত চলবে
২০২৪ সালের নভেম্বরে চিলি, কোস্টারিকা, স্পেন, ফ্রান্স, লুক্সেমবার্গ ও মেক্সিকো যৌথভাবে তালেবান ক্ষমতায় ফেরার পর নারী ও মেয়েদের বিরুদ্ধে সংঘটিত কথিত অপরাধের অভিযোগ আইসিসির কাছে তুলে ধরে। তারা এসব অভিযোগ চলমান তদন্তে যুক্ত করার অনুরোধ জানায়।
১২ নভেম্বরের আদেশে মার্কিন বাহিনী ও আইএস-কের কথিত অপরাধসংক্রান্ত তদন্ত বন্ধ করা হয়েছে। তবে তালেবানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলবে। তালেবান ক্ষমতায় ফেরার পর নারীসহ বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে এসব অপরাধের অভিযোগ রয়েছে।
২০ অক্টোবর বিচারকেরা ‘আফগানিস্তান-২’ নামে নতুন তদন্ত শুরু করেন। তালেবান তদন্ত এখন এর আওতায় রয়েছে। তালেবানের বিরুদ্ধে জারি করা চারটি গ্রেফতারি পরোয়ানাসহ সংশ্লিষ্ট নথি নতুন তদন্তে স্থানান্তরের নির্দেশও দিয়েছেন বিচারকেরা।
এমইই জানিয়েছে, তদন্ত আলাদা করা ও নথি স্থানান্তরের আগের দুটি সিদ্ধান্তের বিরুদ্ধেও কৌঁসুলিরা আপিল করেছেন। সেগুলোর নিষ্পত্তি হয়নি। সর্বশেষ তদন্ত বন্ধের আদেশের বিরুদ্ধেও আপিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্ন
এমইইর প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে হেগে আইসিসির সদস্যরাষ্ট্রগুলোর বার্ষিক সম্মেলনে কূটনীতিকেরা জানিয়েছিলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ফিলিস্তিনে তদন্ত বন্ধের দাবি জানিয়েছিল। পাশাপাশি রোম সংবিধি সংশোধন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো সদস্য নয় এমন দেশের নাগরিকদের বিচার বন্ধের দাবিও জানানো হয়েছিল।
গত ৯ অক্টোবর আইসিসির ওপর প্রাতিষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিজেদের দাবি পূরণে আদালতকে ছয় মাসের সময়সীমা দেওয়া হয়। নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে আদালতের পক্ষে মার্কিন ডলারে লেনদেন কঠিন হতে পারে।
২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আফগানিস্তান ও ফিলিস্তিন তদন্তসংশ্লিষ্ট আইসিসির কর্মকর্তা ও বিচারকদের ওপর আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন। তাদের মধ্যে সাবেক কৌঁসুলি করিম খান এবং ৯ বিচারক রয়েছেন।
আইসিসির সদস্যরাষ্ট্রগুলো ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হেগে বৈঠক করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ এবং আদালতের স্বাধীনতা নিয়ে আলোচনা হতে পারে সেখানে।
সূত্র: মিডেল ইস্ট আই