হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহর ফ্রন্ট সংগঠন হিসেবে কাজ করছে বলে অভিযোগ করা একটি সংস্থার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওয়াশিংটন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন মনে করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার মার্কিন ট্রেজারি জানায়, তারা ওয়া তাআওয়ানু অ্যাসোসিয়েশনকে তালিকাভুক্ত করেছে। সংস্থাটির নাম একটি জনপ্রিয় কোরআনের আয়াতের প্রথম দুটি শব্দ, যার অর্থ এবং সহযোগিতা করো। ট্রেজারি একে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট দাতব্য সংস্থা বলে বর্ণনা করেছে, যা মানবিক সেবার আড়ালে হিজবুল্লাহর কর্মকাণ্ডকে আড়াল করে।

লেবাননভিত্তিক তিনজনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা আফিফ আবদেল রিদা চৌমান এবং দুই ব্যবসায়ী ভাই হাসান খেচেন ও ইব্রাহিম খেচেন। তাদের বিরুদ্ধে ইরান থেকে হিজবুল্লাহর কাছে অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে। ভাই দুজনের পরিচালিত দুটি স্বর্ণ কোম্পানিও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নিষেধাজ্ঞাকে হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইরানের প্রক্সিদের রসদ বন্ধ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরেছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর মতো সন্ত্রাসী প্রক্সির মাধ্যমে লেবাননের সার্বভৌমত্বে ইরানি শাসনের হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না।

২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তাদের দাবি, তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সামরিক অভিযান দরকার ছিল। তবে ইরান দীর্ঘদিন ধরে এমন উচ্চাকাঙ্ক্ষা অস্বীকার করে বলছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বেসামরিক জ্বালানি অবকাঠামোর জন্য।

আঞ্চলিক মিত্র হিজবুল্লাহ ১৯৯৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। বুধবারের বিবৃতিতে ট্রেজারি অভিযোগ করেছে, বেসামরিক দাতব্য সংস্থা ও মানবিক সহায়তা উদ্যোগের মাধ্যমে বাইরের দাতাদের অর্থ হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ডে পাঠানো হচ্ছে।

এ মাসের শুরুতে ট্রাম্প সামরিক দিক থেকে ইরানের সঙ্গে সংঘাত কার্যত শেষ বললেও এ সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র নৌ-অবরোধও বহাল রেখেছে। ইরান যেন স্থলপথে বা কাস্পিয়ান সাগর দিয়ে সরবরাহ না পায়, সে জন্য টাস্ক ফোর্স আয়রন গেট নামে একটি উদ্যোগও চলছে। এ প্রচেষ্টাকে সহায়তা দিতে সম্প্রতি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট।

বুধবারের তালিকাভুক্তির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনী নতুন এক পরামর্শ প্রকাশ করে জানায়, ইরানে লোড হওয়া জাহাজ থেকে সাগরে মালামাল নেওয়া জাহাজকে তারা অবরোধ এড়ানোর চেষ্টা হিসেবে গণ্য করবে। এমন জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের জানান, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধ্বংসাত্মক অর্থনৈতিক ব্যয় চাপিয়ে যাবে।

হিজবুল্লাহ আগের মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছে, এটি স্বাধীন লেবানিজ জনগণকে ভয় দেখানোর চেষ্টা। গোষ্ঠীটির ভাষ্য, এ ধরনের অর্থনৈতিক শাস্তির তাদের কৌশলগত সিদ্ধান্তে একেবারেই কোনও বাস্তব প্রভাব পড়বে না।