টুপি গিলে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় জলহস্তী ফিওনা

অকালে জন্ম নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসা জলহস্তী ফিওনা টুপি গিলে মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিড়িয়াখানা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সিনসিনাটি চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইনস্টাগ্রাম পোস্টে জানায়, গত সপ্তাহে দুর্ঘটনাবশত ফিওনার বাসস্থানে একটি টুপি ঢুকে পড়ে। সেটি গিলে ফেলার পর সে মেডিক্যাল জরুরি অবস্থায় পড়ে। চিড়িয়াখানার পশুচিকিৎসক ও প্রাণী পরিচর্যা দল তাকে বাঁচাতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

চিড়িয়াখানা জানায়, শরীর থেকে টুপিটি বের করার একাধিক চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত এটি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হয়নি। বৃহস্পতিবার সহায়ক চিকিৎসাও ব্যর্থ হয় বলে জানায় তারা।

চিড়িয়াখানার পরিচালক ডেভ জেনিক বলেন, অপ্রত্যাশিত এ ক্ষতিতে কর্মীরা বিধ্বস্ত। তিনি বলেন, আমরা এখন হতবাক। এমন পরিণতি আমরা আশা করিনি। সে লড়াই করেছে, যতক্ষণ পারেনি। চিড়িয়াখানার ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি প্রাণী পরিচর্যা দলের চেষ্টাকে বীরোচিত বলে প্রশংসা করেন এবং জানান, ফিওনাকে বাঁচাতে কর্মীরা সম্ভাব্য সবকিছু করেছেন।

জেনিক আরও বলেন, চিড়িয়াখানার পরিবার ও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে সে অত্যন্ত প্রিয় ছিল। তার চলে যাওয়ার শূন্যতা অনেকেই গভীরভাবে অনুভব করবেন। ২০১৭ সালের জানুয়ারিতে ছয় সপ্তাহ আগেই জন্ম নিয়ে ফিওনা বিশ্বজুড়ে মনোযোগ কাড়ে। আগামী জানুয়ারিতে তার ১০ বছর পূর্ণ হতো।

সিনসিনাটি চিড়িয়াখানার বোর্ডের নির্বাহী চেয়ার থেইন মেনার্ড ফিওনাকে অসাধারণ প্রাণী বলে বর্ণনা করেন, যার প্রভাব টিকে থাকবে। তিনি বলেন, জন্মের দিন থেকেই সে ছিল বোতলে বন্দী বজ্রের মতো। চিড়িয়াখানা জানায়, ফিওনার মৃত্যু তার পরিচর্যাকারী ও বিশ্বজুড়ে অনুরাগীদের গভীরভাবে নাড়া দেবে। শোকের এ সময়ে তার প্রাণী পরিচর্যা দলকে নিজেদের মতো থাকতে দিতে জনসাধারণকে অনুরোধও করেছে তারা।

সূত্র: আনাদোলু এজেন্সি