বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে শুক্রবার (২০ নভেম্বর) বড় দরপতনের পর শনিবার (২১ নভেম্বর) স্বর্ণের দামে সামান্য পুনরুদ্ধার হয়েছে। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ ডলার ৮৮ সেন্টে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ১২ ডলার ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ। শুক্রবার দরপতনের একপর্যায়ে স্বর্ণের দাম নেমে এসেছিল প্রায় ৩ হাজার ৫০৪ ডলারে, যা ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন।

শুক্রবারের দরপতনের ফলে চলতি সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত আট মাসের মধ্যে এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দরপতনের প্রভাবে স্বর্ণের বাজারে এই মন্দা দেখা দিয়েছে।

শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম নেমে আসে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়।

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, এআই-সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণের বিনিয়োগও বিক্রি করছেন।

শুক্রবার বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন হয়েছে। এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আইপিও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারায় যুক্তরাষ্ট্রের শেয়ার ফিউচার কমেছে। এশিয়ার শেয়ারবাজারও ২০২০ সালের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের মুখে পড়েছে। মেগার বলেন, উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা স্বর্ণের দামে নেতিবাচক প্রভাব ফেলছে। মূল্যস্ফীতি বেশি থাকলে ফেড আরও সুদের হার বাড়াতে পারে।

ফেডের নীতিনির্ধারকদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে আরও এক দফা সুদের হার বাড়ানোর সম্ভাবনার কথা বলেছেন। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা দেখছেন বাজারের ৯৬ শতাংশ অংশগ্রহণকারী।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, আগামী কয়েকটি লেনদেন পর্বে স্বর্ণের দাম আরও কমতে পারে। তবে সময়ের হিসাবে স্বর্ণ ও রুপার বাজার শিগগিরই তলানি খুঁজে পাবে বলে তার ধারণা। এদিকে শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। জানুয়ারিতে রেকর্ড ১২১ ডলার ৬৪ সেন্টে পৌঁছানোর পর থেকে ধাতুটির দাম কমেছে ৬৬ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৯৬ ডলার ৫০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ৮৯০ ডলার ১৯ সেন্ট হয়েছে। মূল্যবান সব ধাতুই টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের মুখে রয়েছে।