মেক্সিকোয় মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ আটক, সংঘর্ষে চার সেনাসহ নিহত ১১

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেসকে গ্রেফতারের পর দেশটির সিনালোয়া অঙ্গরাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ‘এল চ্যাপো ইসিদ্রো’ নামে পরিচিত এই মাদক কারবারিকে গ্রেফতারের অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চক্রের সদস্যদের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় ব্যাপক গোলাগুলি, হেলিকপ্টার এবং পুড়তে থাকা ট্রাকের দৃশ্য দেখা গেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

মেক্সিকোর গুয়াসাভে শহরে রাতভর নিরাপত্তা বাহিনী ও মাদক চক্রের বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার অভিযান শেষে মেসা ফ্লোরেসকে গ্রেফতার করে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে মাদক চক্রের সন্দেহভাজন সাত বন্দুকধারী এবং দেশটির চার সেনা সদস্য নিহত হয়েছেন।

মেসা ফ্লোরেস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড পলাতক আসামির তালিকায় ছিলেন। তাকে গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মাদক চক্রের নেতৃত্বে উঠে আসা এই ব্যক্তি প্রথমে বেলত্রান লেইভা কার্টেলের নেতৃত্ব দেন। পরে নিজের অপরাধী গোষ্ঠী ‘মেসা-ফ্লোরেস ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন’ গড়ে তোলেন।

মেক্সিকো সরকার শনিবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, মেসা ফ্লোরেসকে গ্রেফতারে ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা তথ্য সহায়তা করেছে। তবে তাকে আটক করতে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কীভাবে সমন্বয় করেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।