ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে দেশটির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করার কথা স্বীকার করেছেন মার্কিন বিশেষ দূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন ‘সব ধরনের বিকল্প খোলা রেখেছে’ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে তিনি এই সংকট সমাধানে কাজ করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ খবর জানিয়েছে।
‘এমডি মিটস’ পডকাস্টে জার্মান প্রকাশনা সংস্থা অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী মাথিয়াস ডপফনারকে দেওয়া এক সাক্ষাৎকারে কুশনার এসব কথা বলেন।
সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন আরও কোনও সামরিক পদক্ষেপ নিতে পারে কি না এমন প্রশ্নের জবাবে কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই তার সব বিকল্প খোলা রাখেন। তিনি জানান, ট্রাম্প ইরান ইস্যুতে খুবই মনোযোগী এবং এই সংকট মোকাবিলায় একটি বিশেষ দল গঠন করেছেন।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে ইউরোপীয় দেশগুলো যথেষ্ট সমর্থন দিচ্ছে কি না জানতে চাইলে ইউরোপের ভূমিকার সমালোচনা করেন কুশনার। তিনি বলেন, ইউরোপীয়রা আমেরিকার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। ইরান পরিস্থিতিতে ইউরোপের প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্ট নন বলেও মন্তব্য করেন।
ইরানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করে কুশনার বলেন, আমরা ইরানিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছি। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ট্রাম্পের লক্ষ্য অনুযায়ী একটি সমাধানে পৌঁছানোর জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে কাজ করছেন বলেও জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চলছে। এর আগে গত সপ্তাহেও বার্লিনে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরান সংকট নিয়ে বৈঠক করেছিলেন জ্যারেড কুশনার ও অপর মার্কিন দূত স্টিভ উইটকফ।