তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় ০১টা ৩৭ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার্স ১০ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেল ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ০৩ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের কোনও নিষ্পত্তি হবে না।
রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার ব্রেন্ট ৩ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআই ২ শতাংশ বেড়ে দিন শেষ করে। ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি করে। একই সময়ে হরমুজ প্রণালিতে অন্তত দুটি জাহাজ ইরানি মাইনে আঘাত করে। এর পরই দাম বাড়ে।