ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার (ট্যাক্সিং) সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ‘ফ্লাইট ৬৩৮’ শিকাগোর ও হেয়ার বিমানবন্দরগামী ‘ফ্লাইট ২১৫২’-এর ডানায় আঘাত হানে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং বিষয়টি তদন্ত করার ঘোষণা দিয়েছে এফএএ।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, সংঘর্ষের পর বোয়িং ৭৩৭-৮০০ মডেলের দুটি উড়োজাহাজকেই গেটে ফিরিয়ে নেওয়া হয় এবং রক্ষণাবেক্ষণ দলের পরীক্ষার জন্য সেগুলোর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

শিকাগোগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে জানান, উড্ডয়নের প্রস্তুতির সময় হঠাৎ উড়োজাহাজের ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের মুহূর্তে উড়োজাহাজটি প্রচণ্ড কেঁপে ওঠে এবং কেবিনের ভেতর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন এবং গেটে ফেরার সময় একটি ট্রাককে সেটি তুলে নিতে দেখেন।

উল্লেখ্য, এই একই বিমানবন্দরে ২০২৫ সালের জানুয়ারিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন প্রাণ হারিয়েছিলেন। হোয়াইট হাউজ ও পেন্টাগনের খুব কাছে অবস্থিত এই বিমানবন্দরের আশপাশে গত বছর থেকে বন্ধ থাকা সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক ফ্লাইট চলতি সপ্তাহেই আবার শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী।