আফগানিস্তানে চব্বিশ ঘণ্টায় নিহত ১২০ সন্দেহভাজন জঙ্গি

আফগানিস্থানে সন্ত্রাস বিরোধী অভিযানে চব্বিশ ঘণ্টায় ১২০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।  আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটি (এনডিএস) এবং একজন প্রাদেশিক গভর্নর এর বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের ফাইল ছবি

এনডিএস জানায়, এই অভিযানে নিহতের মধ্যে ৮৩ জন আইএস যোদ্ধা  এবং ৪২ জন তালেবান জঙ্গি রয়েছে।

নাঙ্গারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানান, হাশকা ময়না জেলায় আইএসের গোপন ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়েছে।

তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী উত্তর জাউজান প্রদেশেও পৃথক অভিযান চালানো হয়েছে।

জাওজানের প্রাদেশিক পুলিশ সদর দফতর জানায়, দারজাব জেলায় আকাশ ও স্থলপথের এই অভিযানে ৭ জন বিদেশি যোদ্ধাসহ সন্দেহভাজন অনেক আইএস যোদ্ধারা নিহত হয়েছে।  পাকিস্তানের উপজাতীয় অঞ্চলের সীমান্তবর্তী পূর্ব নাঙ্গারহার প্রদেশ অবস্থিত। ধারণা করা হয়,  উত্তর আফগানিস্তানের জওজান এলাকা আইএসের আরেকটি শক্তিশালী ঘাঁটি হিসেবে আভির্ভূত হতে পারে।

দেশটিতে ইসলামিক স্টেট (আইএস)-এর বেশ কয়েকটি ধারাবাহিক হামলার পর এই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হয়েছিল। কয়েকদিন আগে আইএসের আত্মঘাতী হামলায় পূর্ব নাঙ্গারহার প্রদেশ এবং রাজধানী কাবুলে ৬৫ জন নিহত হয়েছে। যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপরই এই অভিযান শুরু হয়।