মিয়ানমারের উত্তর রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে পরিচালিত অভিযানে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের সামরিকবাহিনীর ট্রু নিউজ ইনফরমেশন টিম মঙ্গলবার দাবি করেছে, অভিযানের সময় তারা গ্রামবাসীর কোনও মূল্যবান বস্তু বা চাঁদা নিচ্ছে না। মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস এখবর জানিয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল জাউ মিন তুন জানান, শনিবার রাথেডাউং শহরের থামি হ্লা গ্রামের কাছে আরাকান আর্মির যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর ত্রিশ মিনিট সংঘর্ষ হয়েছে। গ্রামটির মধ্য দিয়ে যাওয়ার সময় আরাকান আর্মির যোদ্ধারা সেনাদের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয়। এসময় এক শিশু আহত হয়েছে। তাকে সিতে হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রিগেডিয়ার জাউ মিন তুন বলেন, স্থলমাইন নিয়ে আরাকান আর্মি যোদ্ধারা হামলা চালায়। তারা বেসামরিকদের ব্যবহার করে যুদ্ধের নীতি লঙ্ঘন করেছে। তারা গ্রাম থেকে হামলা চালিয়েছে। কয়েকজন পালিয়ে গ্রামে পৌঁছালে তাদের অনুসরণ করছিল সেনারা। গ্রামের ভেতর থেকে হামলা চালায়।
আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সংঘর্ষে গ্রামের তিন বাসিন্দা এবং সেনাবাহিনীর ২০ জন সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে।