সরকারি কর্মচারীদের বিক্ষোভ ছেড়ে কাজে ফেরার আহ্বান মিন অং-এর

মিয়ানমারে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে কাজে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাং। একে ‘অসাধু ব্যক্তিদের’ দ্বারা সৃষ্ট হয়রানিমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর এটাই সেনাপ্রধান মিন অং হ্লাং-এর প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে রাজপথে নামে সু চি সমর্থকরা। এতে শামিল হয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অব্যাহত রয়েছে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি। কয়েক হাজার সরকারি কর্মীও বিক্ষোভে যোগ দিয়েছেন। এমনকি মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো বিবৃতি দেন মিন অং হ্লাং। সেনা সরকারের তথ্য সেবা কার্যালয় থেকে ইস্যু করা ওই বিবৃতিতে বলা হয়, ‘যারা তাদের দায়িত্ব থেকে দূরে আছেন, অনুরোধ করছি তারা যেন আবেগকে প্রাধান্য না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে কাজে ফেরেন।’

জমায়েত এড়িয়ে চলতে জনগণের প্রতিও আহ্বান জানানো হয়। গণজমায়েত থেকে করোনা সংক্রমণের বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করেন হ্লাং।