যুক্তরাষ্ট্রের ‘শত্রুতাপূর্ণ নীতি’র বদল না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনায় বসবে না উত্তর কোরিয়া। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন মার্কিন নীতি পরিবর্তনের আগে পারমাণবিক আলোচনা শুরু করার আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেওয়া হবে না। দুই শীর্ষ মার্কিন মন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরের মধ্যে বৃহস্পতিবার এসব কথা জানায় পিয়ংইয়ং। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব নেওয়ার দুই মাস পার হতে চললেও এখন পর্যন্ত তাকে শুভেচ্ছা জানায়নি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র অবশ্য জানিয়েছে যে, বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চালানো হলেও সাড়া দিচ্ছে না পিয়ংইয়ং। এমন প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বৃহস্পতিবার তারা দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
দুই মার্কিন মন্ত্রীর সিউল সফরের মধ্যেই উত্তর কোরিয়ার অন্যতম সিনিয়র মন্ত্রী চোয়ে সোন হুই বলেন, ‘পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের শত্রুতাপূর্ণ নীতি বাতিল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা আলোচনার কোনও সম্ভাবনা নেই।’ তিনি জানান গত ফেব্রুয়ারি থেকেই বাইডেন প্রশাসন যোগাযোগের উদ্যোগ নেয়। তৃতীয় একটি দেশের মাধ্যমে একাধিক ই-মেইল, ফোন কল এবং মেসেজ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। যোগাযোগের এই চেষ্টাকে জনমত তৈরির সস্তা কৌশল আখ্যা দেন তিনি।
এদিকে দুই মার্কিন মন্ত্রীর সিউল সফর সামনে রেখে ওয়াশিংটনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে এক বিবৃতিতে গোলাবারুদের গন্ধ না ছড়াতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেন তিনি। তিনি বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়া মার্কিন প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি, তারা যেন সমুদ্রপার থেকে এসে আমাদের দেশে গোলাবারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা না করে। যদি তারা আগামী চার বছর নিশ্চিন্তে ঘুমাতে চায়, তা হলে তারা যেন এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে।’